গত দেড় বছরে তিন জন বিসিবির সভাপতি পরিবর্তন হয়েছে। সবশেষ আমিনুল ইসলাম বুলবুলকে সরিয়ে তামিম ইকবাল বসেছেন বিসিবির চেয়ারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি পরিবর্তন নিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন এমন নিয়ে কোন চিন্তা নেই তাদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার দুপুরে মিরপুরে এমনটাই জানিয়েছেন মিরাজ।
বিসিবির পরিবর্তন নিয়ে মিরাজ বলেন,‘ আমাদের ফোকাস ছিল অনুশীলনে। বিসিবিতে কি হচ্ছে এটা নিয়ে আমরা চিন্তা করছি না। প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাদের আসলে বাইরে কী হয় সেটা নিয়ে চিন্তা না করাই ভালো। আমাদের কাজ পারফর্ম করা। বিসিবির সভাপতি (তামিম ইকবালের) সাথে যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি। তাই আমাদের সম্পর্কে আরও বেশি ভালো জানবেন তিনি।’
এছাড়া তিনি বলেন,‘ আমাদের কী চাহিদা আছে এবং আমরা কীভাবে পছন্দ করি সবই তিনি জানেন এটা প্লেয়ারদের জন্য একটা পজেটিভ দিক। প্রেসিডেন্টের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের টিমটাকে বুস্ট আপ করেছে এবং আমরা যেভাবে খেলছি জাস্ট এভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।’
এছাড়া ওয়ানডে দলে মুশফিকের ফেরার গুঞ্জন নিয়ে মিরাজ বলেন,‘মুশফিক ভাইয়ের মতো খেলোয়াড় একটা টিমে থাকলে অধিনায়কের জন্য অনেক ইজি হয়ে যায়। যেহেতু সে রিটায়ারমেন্টে গিয়েছে অবশ্যই তার এই রিটায়ারমেন্টকে আমি রেস্পেক্ট করি। সাকিবের বিষয়টা সম্পূর্ণটা ক্রিকেট বোর্ডের ডিসিশন।’
সবশেষ পাকিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেটে খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট নিয়ে বলেন,‘ পাকিস্তান সিরিজে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য। পেস বোলাররা ধারাবাহিক খুবই ভালো করছে। এটা আমাদের জন্য ভালো।’
পাকিস্তান সিরিজে দলে থাকলে একাদশে সুযোগ হয়নি সৌম্যর। দলের ব্যাটিং পজিশন নিয়ে বলেন,‘একটা ব্যাটসম্যানকে এনাফ সুযোগ দেওয়া উচিত। একটা ব্যাটসম্যান যদি তিন থেকে চারটা ম্যাচ খেলে একই পজিশনে তখন সে নিজে থেকেই বুঝতে পারবে যে আসলে আমি পারফর্ম করতে পারিনি। ক্যাপ্টেন হিসেবে এটাই আমার প্ল্যান থাকবে। মিডল অর্ডারে যারা অভিজ্ঞরা বিগত দিনেও সাফল্য সাকসেসফুল প্লেয়ার তাদেরকে সুযোগটা দেওয়ার চেষ্টা করছি যেহেতু টিমটা একটা বন্ডিং করছি বিশ্বকাপের জন্য।’
তিনি আরও বলেন,‘ আর আমার ব্যাটিং পজিশন নিয়ে যেটা বললেন, আমি তো উপরের দিকেই খেলছি লাস্ট দুইটা সিরিজ তো ভাই আপনি তো দেখেন যে একটা পজিশনেই খেলছি।’
