বয়স ৪৬। একসময় যে মঞ্চে তিনি ছিলেন রাজত্বের অন্যতম দাবিদার, সেই ইউএস ওপেনেই আবার ফিরছেন ভেনাস উইলিয়ামস। যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) তাঁকে দিয়েছে ওয়াইল্ডকার্ড। আর বোন সেরেনা উইলিয়ামসের জন্যও যেন দরজা পুরোপুরি বন্ধ হয়নি। নারী এককের একটি ওয়াইল্ডকার্ড এখনো বাকি-সেটি শেষ পর্যন্ত সেরেনার হাতে উঠবে কি না, সেই অপেক্ষা।
আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেনের মূল পর্বে সরাসরি জায়গা পেয়েছেন ভেনাস ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন স্লোয়ান স্টিফেন্স। নিউইয়র্কের এই আসরে ভেনাসের অভিষেক হয়েছিল ২৯ বছর আগে, ১৯৯৭ সালে। অভিষেকেই ফাইনালে উঠে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তিনি। পরে ২০০০ ও ২০০১ সালে ফ্লাশিং মিডোসে টানা দুইবার জিতে নেন ক্যারিয়ারের সাত গ্র্যান্ড স্ল্যামের দুটি।
তবে এবারের প্রত্যাবর্তন আগের মতো সাফল্যের নিশ্চয়তা নিয়ে আসছে না। চলতি মৌসুমে একক ম্যাচে ১০ বার নেমে প্রতিবারই হেরেছেন ভেনাস। সর্বশেষ একক জয়টি এসেছিল ২০২৫ সালের জুলাইয়ে ওয়াশিংটনে। গ্র্যান্ড স্ল্যামে একক ম্যাচ জেতার অপেক্ষা আরও দীর্ঘ-২০২১ সালের উইম্বলডনের পর আর কোনো জয় নেই।
তারপরও গত এক মাসে ওয়াশিংটন, টরন্টো ও সিনসিনাটিতে একক ও দ্বৈত-দুই বিভাগেই খেলেছেন ভেনাস। গত বছর ইউএস ওপেনের দ্বৈতে কানাডার লেইলা ফার্নান্দেজকে নিয়ে কোয়ার্টার ফাইনালেও উঠেছিলেন।

বোন সেরেনার গল্পটাও যেন অসমাপ্ত এক প্রত্যাবর্তনের। ৪৪ বছর বয়সী ২৩ গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা ২০২২ সালে ইউএস ওপেনেই ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলেছেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু চার বছর পর জুনে আবার টেনিসে ফেরেন তিনি। উইম্বলডনে এককেও খেলেছেন, যদিও প্রথম রাউন্ডে হারের পর হাঁটুর চোটে ভেনাসের সঙ্গে দ্বৈত খেলাও বাতিল করতে হয়।
মঙ্গলবার সিনসিনাটি ওপেনে দুই বোন আবার একসঙ্গে কোর্টে ফেরেন। উত্তেজনাপূর্ণ তিন সেটের ম্যাচে হারলেও গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক।
নারী দ্বৈতের ওয়াইল্ডকার্ড এখনো ঘোষণা হয়নি। পাশাপাশি ২৪ আগস্ট শুরু হতে যাওয়া নতুন কাঠামোর মিশ্র দ্বৈত প্রতিযোগিতায়ও তিনটি জায়গা খালি রয়েছে। ফলে নিউইয়র্কে উইলিয়ামস বোনদের আরেকটি অধ্যায়ের সম্ভাবনা এখনো বেঁচে আছে।
পুরুষ এককে ফ্রান্সের গায়েল মঁফিসও পেয়েছেন ওয়াইল্ডকার্ড। ২০১৬ সালের চ্যাম্পিয়ন স্টান ভাভরিঙ্কার জন্যও একটি জায়গা খালি রয়েছে। বছরের শেষে অবসরের ঘোষণা দেওয়া সুইস তারকার শেষ ইউএস ওপেনও হতে পারে এটি।


