ইউএস ওপেনে ম্যাচ চলাকালীন কোর্টে তীব্র গাঁজার গন্ধ পেয়ে কিছুক্ষণের জন্য খেলা থামিয়ে অভিযোগ করেছেন আরিনা সাবালেঙ্কা। তবে গন্ধের এই বিড়ম্বনা পেছনে ফেলে দারুণ পারফরম্যান্সে টানা সেটে জিতে চতুর্থ রাউন্ডে উঠেছেন দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
কামিলা রাখিমোভার বিপক্ষে ম্যাচের শুরুতেই ৩-০ গেমে এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। তখন চেয়ার আম্পায়ার ইভা আসদেরাকি-মুরের কাছে গিয়ে তিনি বলেন, “কেউ গাঁজা খাচ্ছে। আপনি কি কিছু মনে করবেন? কারণ গন্ধটা খুব তীব্র।”
পরে বিষয়টি নিয়ে হাসতে হাসতে সাবালেঙ্কা বলেন, দর্শকরা যা খুশি করতে পারেন, এমনকি গাঁজাও খেতে পারেন; তবে টেনিস কোর্টের আশপাশে না করলেই ভালো। তার ভাষায়, সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সময় এমন গন্ধ সামলানো বেশ কঠিন।
নিউইয়র্কে গাঁজা বৈধ হওয়ায় ইউএস ওপেনের ভেন্যুর আশপাশে এর গন্ধ পাওয়া নতুন কিছু নয়। বাতাসের কারণে গন্ধটি দর্শকসারি কিংবা স্টেডিয়ামের বাইরের কোনো জায়গা থেকে এসেছে কি না, তা নিশ্চিত হতে পারেননি সাবালেঙ্কা।
তবে ম্যাচে এর কোনো প্রভাব পড়তে দেননি বেলারুশের এই তারকা। রাখিমোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে উঠেছেন শেষ ষোলোতে। ম্যাচে ১০টি এস মেরেছেন এবং কোনো ব্রেক পয়েন্টের মুখোমুখি হননি তিনি।
চতুর্থ রাউন্ডে কার্লোস আলকারাজ
এদিকে পুরুষ এককে দারুণ জয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। চীনের উ ইয়িবিংকে ৬-৩, ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন স্প্যানিশ তারকা।
প্রায় সাড়ে চার মাসের চোটের বিরতির পর কোর্টে ফিরে ধীরে ধীরে ছন্দে ফিরছেন আলকারাজ। চতুর্থ রাউন্ডে তার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ২০তম বাছাই টমি পল।
অন্যদিকে ২০২১ সালের চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভও চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন। ২৯তম বাছাই আর্থার রিন্ডারকনেখটকে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি।
সাবালেঙ্কার পরের প্রতিপক্ষ ঘরের কোর্টের প্রিয় মুখ টেলর টাউনসেন্ড। ১৫তম বাছাই ডায়ানা শ্নাইডারকে ৬-২, ৬-৭(৩), ৬-৩ গেমে হারিয়ে শেষ ষোলোতে উঠেছেন টাউনসেন্ড।


