ব্যাংককে ঘাম ঝরাচ্ছেন দেশের নারী ফুটবলাররা

ব্যাংককে ঘাম ঝরাচ্ছেন দেশের নারী ফুটবলাররা

থাইল্যান্ডে বাংলাদেশ নারী ফুটবলারদের অনুশীলন

সামনের সাফ নারী চ্যাম্পিয়নশিপ নিয়ে কোনো ছাড় দিতে রাজি নয় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ব্যাংককে ঘাম ঝরাচ্ছেন দেশের নারী ফুটবলাররা , ২০২৬-এর এই আসরকে সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে এখন চলছে দলের শেষ মুহূর্তের ঝালাই। গত কালকের বিশ্রাম শেষে আজ আবারও কঠোর অনুশীলনে ফিরেছেন আফঈদা খন্দকার ও তার দল।

বৃষ্টির মধ্যেই চলে নারী ফুটবলারদের অনুশীলন

কোচিং স্টাফদের অধীনে আজ বেশ দীর্ঘ সময় মাঠে কাটিয়েছে মেয়েরা। শুরুতে হালকা ওয়ার্ম-আপ আর পাসিং প্র্যাকটিস দিয়ে শুরু হলেও পরে অনুশীলনের মাত্রা বাড়ানো হয়। বিশেষ করে বল পজিশন ধরে রাখা এবং ছোট জায়গায় দ্রুত পাস খেলার দিকেই ছিল কোচের কড়া নজর। অধিনায়ক আফঈদা খন্দকার সামনে থেকে আগলে রাখছেন রক্ষণ ভাগ, অন্যদিকে ফরোয়ার্ডদের গোল করার ধার বাড়াতে আলাদা পজিশন-ভিত্তিক ট্রেনিং করানো হয়েছে।

দিনের শেষভাগে ৯ বনাম ৯ খেলোয়াড়ের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে ফুটবলারদের ফিটনেস আর ট্যাকটিক্যাল উন্নতির ছাপ স্পষ্ট ছিল।

ব্যাংককের গরম আর হাই-ইনটেনসিটি ট্রেনিংয়ের ধকল সইতে খেলোয়াড়দের জন্য ছিল ‘আইস বাথ’-এর ব্যবস্থা। মাঠেই বরফশীতল পানিতে কিছুক্ষণ কাটিয়ে শরীরের ক্লান্তি দূর করে নেন ফুটবলাররা। চোটমুক্ত থেকে টুর্নামেন্ট শুরু করাই এখন বড় চ্যালেঞ্জ।

আগামীকালও একই সময়ে অনুশীলনে নামবে দল। সাবিনা পরবর্তী এই নতুন প্রজন্মের বাংলাদেশ দল এখন অনেক বেশি গতিশীল। আফঈদার নেতৃত্বে এই তারুণ্য নির্ভর দলটি ব্যাংককের কন্ডিশনিং ক্যাম্প থেকে সেরাটা আদায় করে নিতে মরিয়া, যাতে সাফের ট্রফিটা আবারও বাংলাদেশের শো-কেসেই থাকে।

Exit mobile version