জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিতব্য ‘এশিয়ান প্যারা গেমস ২০২৬’ সহ আসন্ন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে দেশের প্রতিনিধিত্ব বাড়াতে শুরু হয়েছে “১ম বাংলাদেশ প্যারা গেমস ২০২৬”। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ)-এর উদ্যোগে শুরু হওয়া এই গেমসের মূল লক্ষ্য দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান প্রতিবন্ধী অ্যাথলেটদের খুঁজে বের করা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত করা।

প্রথম ধাপে ২০০ অ্যাথলেটের ট্র্যাকিং ও ট্রায়াল
প্রস্তাবিত এই মেগা গেমসে মোট ৫টি ইভেন্ট যথাক্রমে প্যারা অ্যাথলেটিক্স, প্যারা আর্চারি, প্যারা ব্যাডমিন্টন, প্যারা সুইমিং এবং প্যারা টেবিল টেনিস অন্তর্ভুক্ত করা হয়েছে। যার প্রথম ধাপ হিসেবে আজ ৭ জুন ২০২৬ তারিখে ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্যারা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্যানেল নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ২০০ জন অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশ নেন।

স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আন্তর্জাতিক শ্রেণিভিত্তিক (Classification-based) এই আয়োজনে ১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্টসহ লং জাম্প, হাই জাম্প, শট পুট, ডিসকাস ও জ্যাভলিন থ্রোর মতো ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়।
শারীরিক, দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধকতা, হুইলচেয়ার ব্যবহারকারী এবং খর্বাকৃতি অ্যাথলেটদের জন্য আন্তর্জাতিক মানদণ্ড মেনে আলাদা ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরো প্রক্রিয়াটি নিখুঁতভাবে পরিচালনা করেন একঝাঁক প্রশিক্ষিত কোচ, আন্তর্জাতিক মানের টেকনিক্যাল অফিসিয়াল, ক্লাসিফায়ার এবং একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম।
অটুট রইল সেলিম-চৈতীদের বিজয়ের ধারা
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে ট্র্যাকে ও ফিল্ডে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন দেশের তারকা প্যারা অ্যাথলেটরা। এবারের আসরেও সেলিম রেজা, চৈতী রাণী দেব ও পারভেজ আহমেদসহ শীর্ষস্থানীয় ক্রীড়াবিদরা স্ব-স্ব ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক জিতে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছেন।
লক্ষ্য এবার দীর্ঘমেয়াদি ও আন্তর্জাতিক প্রশিক্ষণ
এনপিসি বাংলাদেশ জানিয়েছে, এই গেমস থেকে বাছাইকৃত সেরা ও সম্ভাবনাময় ক্রীড়াবিদদের নিয়ে অবিলম্বেই দীর্ঘমেয়াদি ক্যাম্প শুরু করা হবে। যেখানে আন্তর্জাতিক মানের উন্নত কোচিং, আধুনিক ক্লাসিফিকেশন হালনাগাদ, পাসপোর্ট-ভিসা প্রসেসিং, এক্রেডিটেশন, বৈশ্বিক মানের কিট ও জার্সি সরবরাহসহ বিশ্বমঞ্চে লড়াইয়ের জন্য যাবতীয় প্রশাসনিক ও কারিগরি সুবিধা নিশ্চিত করা হবে।
পুরস্কার মঞ্চে বিশিষ্টজনদের মেলা
প্রতিযোগিতা শেষে জাতীয় স্টেডিয়ামে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এনপিসি বাংলাদেশের সভাপতি মোঃ মাসুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো: দৌলতুজ্জামান খাঁন।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন:
- মোহাম্মদ আমিনুল এহসান (পরিচালক- ক্রীড়া, জাতীয় ক্রীড়া পরিষদ)
- টিটন খীসা (পরিচালক, উপসচিব– প্রশাসন, জাতীয় ক্রীড়া পরিষদ)
- মো: কবির খাঁন (এনএসসি চেয়ারম্যানের একান্ত সচিব)
- আসিফ আশরাফ (ব্যবস্থাপনা পরিচালক, উর্মি গ্রুপ)
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনপিসি বাংলাদেশের মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী সদস্য মোঃ হেদায়তুল আজিজ।
সামাজিক সচেতনতা ও অন্তর্ভুক্তির ডাক
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ১ম বাংলাদেশ প্যারা গেমস কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের শক্তিশালী হাতিয়ার। দেশব্যাপী ছড়িয়ে থাকা এই বিশেষ অ্যাথলেটদের মূল স্রোতে অবদান রাখার সুযোগ তৈরি করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, কর্পোরেট সেক্টর ও গণমাধ্যমকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছে এনপিসি বাংলাদেশ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















