বিসিবি নির্বাচনে বৈধ প্রার্থী যারা । আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে শনিবার ২৩ মে যোগ্য ও বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দাখিল করা ৩৩টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩২ জনের প্রার্থীতা বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ক্যাটাগরি-১ থেকে ১৩ জন, ক্যাটাগরি-২ থেকে ১৮ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন প্রার্থী আছেন। তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক সরাসরি ভোটে নির্বাচিত হবেন। তবে একাধিক বিভাগে একক প্রার্থী থাকায় ছয়জন কাউন্সিলরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়া নিশ্চিত হয়েছে। ক্যাটাগরি-৩ থেকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় তিনিই বোর্ড পরিচালক হচ্ছেন।
ক্যাটাগরি-১, অর্থাৎ আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার ভোটের ক্ষেত্রে ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদীন নান্নু, মঈনউদ্দিন চৌধুরী ও শরিফুল ইসলাম, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমিন, খুলনা থেকে শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আবদুস সালাম, বরিশাল থেকে মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী এবং সিলেট থেকে আবদুল কাইয়ুম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এর মধ্যে কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি-২, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন ক্লাব থেকে ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, মোহাম্মদ লুৎফর রহমান, আসিফ রব্বানী, ফৈয়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল খান, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম নাভিন, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, সাকিফ আহমেদ সালাম, মেজর ইমরোজ আহমেদ এবং মাহমুদ-উর-রহমান প্রার্থী হয়েছেন।
ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তফসিল অনুযায়ী, ২৪ মে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পোস্টাল বা ই-ব্যালটের জন্য আবেদনও ২৫ মে করতে হবে। সব প্রক্রিয়া শেষে ৭ জুন বিসিবি লাউঞ্জে অনুষ্ঠিত হবে মূল ভোট। ওই দিনই পরিচালকদের ভোটে বোর্ড সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন এবং ফলাফল ঘোষণা করা হবে।
