পাকিস্তানকে লজ্জা দিয়ে ভারতকে ছাড়িয়ে গেল টাইগাররা

পাকিস্তানকে লজ্জা দিয়ে ভারতকে ছাড়িয়ে গেল টাইগাররা

পাকিস্তানকে লজ্জা দিয়ে ভারতকে ছাড়িয়ে গেল টাইগাররা। জয়ের জন্য আর মাত্র ৩ উইকেট প্রয়োজন। সকাল থেকেই সেই অপেক্ষায় ছিল বাংলাদেশ দল ও গ্যালারিভর্তি দর্শক। কাঙ্ক্ষিত সেই উইকেট যেন কিছুতেই ধরা দিচ্ছিল না। সিলেটে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছিল পাকিস্তানের রান, সঙ্গে বাড়ছিল শঙ্কাও।

শেষ পর্যন্ত সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। সিলেট টেস্টে ৭৮ রানের জয় দিয়ে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। এ নিয়ে টানা দ্বিতীয় টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেও একই কীর্তি গড়ল টাইগাররা। এবারের সাফল্য ছিল আরও চ্যালেঞ্জিং। দুই টেস্টেই টস হেরে সবুজ উইকেটে আগে ব্যাট করতে হয়েছে বাংলাদেশকে। সেই কঠিন পরিস্থিতি সামলেই এসেছে ঐতিহাসিক সিরিজ জয়।

শেষ দিনে পাকিস্তানের দরকার ছিল ১২১ রান, আর বাংলাদেশের প্রয়োজন ছিল ৩ উইকেট। দিনের শুরুতে মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের দৃঢ় ব্যাটিং কিছুটা চাপ তৈরি করেছিল স্বাগতিকদের ওপর। দুজন মিলে দ্রুত রান তুলতে থাকেন এবং জুটি গড়ে তোলেন ৫৪ রানের। কয়েকবার ক্যাচের সুযোগ এসেও হাতছাড়া হয়। নাহিদ রানার বলে গালিতে রিজওয়ানের ক্যাচও নিতে পারেননি মেহেদী হাসান মিরাজ।

সকালে পানি পানের বিরতির পর বদলে যায় ম্যাচের দৃশ্যপট। বিরতির পর দ্বিতীয় বলেই সাজিদ খানকে স্লিপে ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। সাজিদ ফেরেন ২৮ রান করে। এরপর শরিফুল ইসলাম প্রথম বলেই বিদায় করেন ৯৪ রান করা রিজওয়ানকে। শেষ উইকেটটিও তুলে নেন তাইজুল।

মাত্র ১৩ বলের ব্যবধানে কোনো রান না করেই শেষ তিন উইকেট হারায় পাকিস্তান। ইনিংসে ৬ উইকেট এবং ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে জয়ের নায়ক হয়ে ওঠেন তাইজুল ইসলাম। জয়ের পর বাংলাদেশ দলের উদযাপন ছিল শান্ত, আত্মবিশ্বাসী। যেন তারা বোঝাতে চেয়েছে-এটাই এখন বাংলাদেশের নতুন বাস্তবতা। পাকিস্তানকে টেস্টে ২-০তে হোয়াইটওয়াশ করেন আইসিসির চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ও ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে পাঁচ নম্বরে।

এই তালিকায় অস্ট্রেলিয়া সবার ওপরে। নিউজিল্যান্ড দুইয়ে দক্ষিণ আফ্রিকা তিনে আর শ্রীলঙ্কা চারে। বাংলাদেশের পেছনে থাকা ভারত ছয়ে,ইংল্যান্ড সাতে আর পাকিস্তান আছে আট নম্বরে। ক্যারিবিয়ানরা অবস্থান করছে নয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮

পাকিস্তান ১ম ইনিংস: ২৩২

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০

পাকিস্তান ২য় ইনিংস: ৩৫৮

ফল: বাংলাদেশ ৭৮ রানে জয়ী

সিরিজ: বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: লিটন কুমার দাস

Exit mobile version