ফিফা ফুটবল বিশ্বকাপ ফাইনালের দিন জিম্বাবুয়েতে টি–টুয়েন্টি খেলবে টাইগাররা। বাংলাদেশকে নিয়ে পূর্ণাঙ্গ সিরিজের সূচি ঘোষণা করল জিম্বাবুয়ে। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিন-টি টিটোয়েন্টি খেলবে দুই দল; জুনের শেষ সপ্তাহে শুরু হবে সফর।
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। আগামী জুন ও জুলাই মাসে অনুষ্ঠিতব্য এই সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
সফরের সূচনা হবে একটি পাঁচ দিনের টেস্ট ম্যাচ দিয়ে। ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্টটি। এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো মাঠে গড়াবে ৬, ৯ ও ১১ জুলাই।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দুই দল যাবে বুলাওয়েতে। কুইন্স স্পোর্টস ক্লাবে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় শেষ করেছিল দুই দল। সেই সিরিজের প্রথম টেস্টে তিন উইকেটের নাটকীয় জয় পেয়েছিল জিম্বাবুয়ে। সেটিই ছিল চার বছরের মধ্যে টেস্ট ক্রিকেটে তাদের প্রথম জয়।
এছাড়া বাংলাদেশ সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল ২০২২ সালে। সেবার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই ২-১ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। আসন্ন সিরিজটি জিম্বাবুয়ের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, এটি হবে ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাদের প্রথম আন্তর্জাতিক সিরিজ। একই সঙ্গে এটি চলতি বছরের প্রথম হোম সিরিজও।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসে জিম্বাবুয়ে। প্রথমবারের মতো সুপার এইট পর্বে জায়গা করে নেওয়ার পথে তারা গ্রুপ পর্ব শেষ করে অপরাজিত থেকে। এছাড়া অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে স্মরণীয় জয়ও পায় দলটি। জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বলেন, বাংলাদেশের সফরটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ম্যাকোনি বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করছি। সব ফরম্যাট মিলিয়ে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর একটি সিরিজ হবে বলে আমরা আশা করছি।’ তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর দেশের মাঠে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় আমরা ভীষণ উচ্ছ্বসিত। হারারে ও বুলাওয়েতে সমর্থকদের উপস্থিতি আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে।”
একনজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি-
একমাত্র টেস্ট: ২৮ জুন-২ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, হারারে
১ম ওয়ানডে: ৬ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, হারারে
২য় ওয়ানডে: ৯ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, হারারে
৩য় ওয়ানডে: ১১ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব, হারারে
১ম টি-টোয়েন্টি: ১৫ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
২য় টি-টোয়েন্টি: ১৭ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে
৩য় টি-টোয়েন্টি: ১৯ জুলাই, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে।
