বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মুখোমুখি তুরস্ক

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মুখোমুখি তুরস্ক

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মুখোমুখি তুরস্ক । বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত শুরু করে ইতোমধ্যেই নকআউট নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। এবার ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে তাদের সামনে তুরস্ক। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টায় লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ম্যাচটি। নকআউট নিশ্চিত হলেও এই ম্যাচ ঘিরে মার্কিন শিবিরে আছে ভিন্ন এক চাপ, কারণ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন হলুদ কার্ডের ঝুঁকিতে।

মাঝমাঠের অন্যতম ভরসা টাইলার অ্যাডামস ইতোমধ্যেই একটি হলুদ কার্ড দেখেছেন। আর একটি কার্ড দেখলেই নকআউট পর্বের ম্যাচ মিস করার সম্ভাবনা তৈরি হবে। তাই ম্যাচের আগে সতর্ক অবস্থানে রয়েছেন এই মার্কিন মিডফিল্ডার। একই ঝুঁকিতে আছেন ফোলারিন বালোগুন, ক্রিস রিচার্ডস এবং অ্যান্থনি রবিনসনের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররাও। কোচ মাউরিসিও পচেত্তিনো তাই এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আনতে পারেন। ইনজুরির কারণে এবারও মাঠের বাইরে থাকতে পারেন দলের বড় তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচ।

দুই ম্যাচেই দারুণ ছন্দে ছিল যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে শেষ ৩২ প্রায় নিশ্চিত করেছিল তারা। এখন লক্ষ্য গ্রুপসেরা হয়ে নকআউটে যাওয়া এবং বিশ্বকাপে প্রথমবার টানা তিন ম্যাচ জয়ের রেকর্ড গড়া।

অন্যদিকে তুরস্কের জন্য এবারের বিশ্বকাপ এখন পর্যন্ত হতাশার। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে দুই ম্যাচে ৬২টি শট নিয়েও গোল করতে পারেনি তারা। ২০০২ সালের পর বিশ্বকাপের মূল পর্বে কোনো ম্যাচ না জেতার হতাশাও তাড়া করছে দলটিকে। তবে সম্মান রক্ষার শেষ সুযোগ হিসেবে ম্যাচটিকে দেখছে তারা।

পরিসংখ্যান বলছে, দুই দলের আগের পাঁচ দেখায় দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ। তাই কাগজে-কলমে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র। অন্যদিকে হারানোর কিছু না থাকায় তুরস্ক শেষ ম্যাচে ঝাঁপিয়ে পড়তে পারে পূর্ণ শক্তি নিয়েই।

Exit mobile version