বসনিয়াকে বিদায় করে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ ফুটবল

শেষ বত্রিশের লড়াইয়ে বসনিয়ার পোস্ট লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ক্রিশ্চিয়ান পুলিসিকের শট

শেষ বত্রিশের লড়াইয়ে বসনিয়ার পোস্ট লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ক্রিশ্চিয়ান পুলিসিকের শট

স্বাগতিক যুক্তরাষ্ট্র দারুণ এক জয়ে বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় বৃহষ্পতিবার ভোরে অনুষ্ঠিত খেলায় তারা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারিয়েছে। সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামের ম্যাচে ২-০ গোলে জয় পায় যুক্তরাষ্ট্র। ফোলারিন বালোগুন ও মালিক টিলমান গোল করেন।

আগামী ৬ জুলাই শেষ ষোলোর লড়াইয়ে যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে বেলজিয়ামের। সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে আগেই বেলজিয়াম শেষ ষোলোতে খেলা নিশ্চিত করে।

বালোগুনের লাল কার্ড

বসনিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের নায়ক ফোলারিন বালোগুন। আবার খলনায়কও হতে পারতেন তিনি। প্রথমার্ধের শেষ সময়ে গোল করে বালোগুন দলকে এগিয়ে নিয়েছিলেন। আবার তিনিই দলের বিপদের কারণ হতে পারতেন। ৬৪ মিনিটে বিধি বহির্ভূত ফাউলের কারণে লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। ফলে লম্বা একটা সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে। তবে বিপদ হয়নি, ৮২ মিনিটে মালিক টিলমানের গোলে যুক্তরাষ্ট্রের শেষ ষোলোতে খেলা নিশ্চিত হয়।

গোলের পর টিলমানের উচ্ছ্বাস

১৯৯৪ সালে স্বাগতিক দল হিসেবে যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে পৌঁছেছিল। এবারও সেই পথ অনুসরণ করেছে দলটি। এর মাঝে গত চার আসরের মাঝে তিনবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়ে তিনবারই শেষ ষোলোতে পা রেখেছিল। প্রতিবারই সেখানে থামতে হয়েছিল।

প্রথমার্ধের শেষ সময়ে গোল

পরিচিত পরিবেশ আর বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি যুক্তরাষ্ট্র শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। মাঝমাঠে বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণ রচনায় মনোযোগী হয়। তবে বসনিয়া তাদের রক্ষণভাগ জমাট করে রাখায় কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত দারুণ এক আক্রমণের ফসল ঘরে তোলে তারা। বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ বালোগুন অবশেষে স্কোরশিটে নাম লেখান। বল দেওয়া নেওয়া করে বসনিয়ার বিপদ সীমানায় ঢুকে দারুণ প্লেসিং শটে দলকে এগিয়ে নেন ফোলারিন বালোগুন। এই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে এটা ছিল তার তৃতীয় গোল।

বিরতির পর ম্যাচে নাটকীয় পরিবর্তন আসে। যুক্তরাষ্ট্র বড় ধাক্কা খায়। বালোগুন ৬৪ মিনিটে লাল কার্ড দেখে বহিষ্কৃত হন। তারিক মুহারেমোভিচকে অবৈধভাবে বাধা দেওয়ায় লাল কার্ড দেখেন বালোগুন। ফলে ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। তবে এ ঘটনা যুক্তরাষ্ট্রকে জয় থেকে বঞ্চিত করতে পারেনি। ৮২ মিনিটে দারুণ এক ফ্রি কিকে লক্ষ্যভেদ করে জয় নিশ্চিত করেন টিলমান। বক্সের বাইরে থেকে নেওয়ার তার ফ্রি কিক বসনিয়ার গোলরক্ষক থামানোর সুযোগই পায়নি।

Exit mobile version