সিয়াটলের লুমেন ফিল্ডে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে যুক্তরাষ্ট্র । অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষেই ২-০ ব্যবধানের শক্ত লিড নিয়েছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। আক্রমণভাগের তারকা ক্রিশ্চিয়ান পুলিসিকের অনুপস্থিতি সত্ত্বেও শুরু থেকেই মাঠের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে আমেরিকানরা।
ম্যাচের ১১ মিনিটেই ডেডলক ভাঙে যুক্তরাষ্ট্রের। ফোলারিন বালোগুনের সিক্স-ইয়ার্ড বক্সে বাড়ানো একটি বিপজ্জনক পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন অজি ডিফেন্ডার ক্যামেরন বার্গেস। এই আত্মঘাতী গোলের ধাক্কা অস্ট্রেলিয়া কাটিয়ে ওঠার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় আমেরিকানরা। প্রথমার্ধের বাকি সময়ে অস্ট্রেলিয়ার রক্ষণভাগকে ব্যস্ত রেখে বিরতিতে যাওয়ার আগেই নির্ধারিত সময়ের ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ (২-০) করে নেয় তারা। গোল করেন অ্যালেক্স ফ্রিম্যান।
খেলার প্রথম ৪৫ মিনিটে ডিফেন্স এবং মিডফিল্ডে বেশ বিপর্যস্ত দেখিয়েছে সকারুজদের (অস্ট্রেলিয়া)। অন্যদিকে, ঘরের মাঠের চেনা দর্শক আর গ্যালারির গগনবিদারী উল্লাসে উজ্জীবিত যুক্তরাষ্ট্র প্রথমার্ধ শেষেই জয়ের সুবাস পেতে শুরু করেছে। ম্যাচ বাঁচিয়ে রাখতে হলে দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়াকে অল-আউট ফুটবলের পাশাপাশি রক্ষণভাগকেও দিতে হবে কঠিন পরীক্ষা।
