দাদির বার্তায় কাঁদলেন ভিনিসিয়ুস – এবার চোখ জাপান ম্যাচে । মাঠে প্রতিপক্ষের কঠিন ট্যাকল হোক কিংবা গ্যালারিতে বর্ণবাদী আচরণ, খুব কম সময়ই নিজের আবেগ প্রকাশ করতে দেখা যায় ভিনিসিয়ুস জুনিয়রকে। শারীরিক ও মানসিক দৃঢ়তায় নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন ব্রাজিলের এই তারকা। তবে বিশ্বকাপের মাঝেই একটি ছোট্ট ভিডিও বার্তা তাকে ভেঙে দিল পুরোপুরি। লাইভ অনুষ্ঠানে শিশুর মতো কেঁদে ফেললেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ব্রাজিলের জনপ্রিয় টিভি অনুষ্ঠান দোমিঙ্গোর– এ সম্প্রচার করা হয় সেই ভিডিও বার্তা। যিনি বার্তাটি পাঠিয়েছেন, তিনি ভিনিসিয়ুসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন, তার দাদি নিলজা। ছোটবেলা থেকে যার স্নেহ, ভালোবাসা আর ত্যাগের ওপর ভর করেই আজকের ভিনিসিয়ুস হয়ে ওঠা।
আবেগঘন মুহূর্তে চোখের পানি আটকে রাখতে না পেরে ভিনিসিয়ুস বলেন, “তিনি আমার জীবন বদলে দিয়েছেন। যখন সময় পাই তখনই তার কাছে থাকার চেষ্টা করি। কারণ আমি জানি, একদিন আমরা যাদের ভালোবাসি, তাদের আর কাছে পাব না। আমার স্বপ্ন পূরণ করতে পরিবার সবকিছু করেছে।”
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। ইতোমধ্যেই করেছেন ৪ গোল এবং দলের আক্রমণের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন। নিজের দাদিকে নিয়ে ভিনিসিয়ুস বলেন, “আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ তিনি। ১৬ বছর বয়স পর্যন্ত তার সঙ্গেই থেকেছি। আমাদের ছোট বাড়িতে তার পাশেই ঘুমাতাম। তিনিই আমার জীবন গড়ে দিয়েছেন।”
ভিডিও বার্তায় দাদি নিলজা বলেন, “ভিনি ছোটবেলায় খুব লাজুক ছিল। ফুটবলই ছিল তার সবকিছু। ১৬ বছর বয়স পর্যন্ত আমার পাশেই ঘুমাত। মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে নিশ্চিত হতো আমি তার পাশেই আছি। ভিনি, দাদিমা তোমাকে অনেক ভালোবাসে।”
এই আবেগঘন মুহূর্তের পর এবার মাঠে ফেরার পালা। বিশ্বকাপের নকআউট পর্বে আজ হিউস্টনে জাপানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলবে ব্রাজিল। আর ব্রাজিল সমর্থকদের আশা, দাদির ভালোবাসাকে শক্তি বানিয়ে আবারও জাদু দেখাবেন ভিনিসিয়ুস জুনিয়র।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











