মাঠের ভেতর তারা চিরপ্রতিদ্বন্দ্বী দুই শিবিরের দুই প্রধান সেনাপতি। একজন খেলেন রিয়াল মাদ্রিদের রাজকীয় জার্সিতে, অন্যজন বার্সেলোনার ঐতিহ্যবাহী কাতালান শিবিরে। এল ক্লাসিকোর মঞ্চে তাদের লড়াই মানেই বারুদে উত্তেজনা। কিন্তু মাঠের সেই বৈরিতা আর শত্রুতা যে কেবলই ৯০ মিনিটের, তা আরও একবার প্রমাণ করলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের ‘বিস্ময় বালক’ লামিনে ইয়ামালের প্রতিভার স্বীকৃতি দিতে বিন্দুমাত্র কার্পণ্য করলেন না ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এক সাক্ষাৎকারে ইয়ামালকে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন ভিনিসিয়ুস। রিয়াল তারকার বিশ্বাস, এই তরুণ তুর্কির মাঝে এমন এক অসাধারণ প্রতিভা রয়েছে, যা দিয়ে সে একাই স্পেনকে বিশ্বকাপ জেতানোর সামর্থ্য রাখে।
‘টাকা দিয়ে যার খেলা দেখা যায়’
সম্প্রতি ‘কেজ টিভি’-র সঙ্গে একান্ত আলাপে ক্লাব ফুটবলের সব প্রতিদ্বন্দ্বিতা একপাশে সরিয়ে রেখে ইয়ামালকে খোলামনে মূল্যায়ন করেন ভিনিসিউস। স্প্যানিশ এই কিশোরের খেলার ধরনে মুগ্ধ ভিনিসিউস চ্যানেলটিকে বলেন:
“স্পেনের লামিনে ইয়ামাল আছে, যে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সে মাঠে এমন সব অসাধারণ জিনিস করে যা অবিশ্বাস্য। সে একাই একটা দেশকে বিশ্বকাপ জেতানোর মতো খেলোয়াড়। ইয়ামাল হলো এমন একজন ফুটবলার, যার খেলা দেখার জন্য আপনি নিজে টাকা খরচ করে মাঠে যেতে চাইবেন।”
রিয়ালের অন্যতম প্রধান তারকার মুখ থেকে বার্সার তরুণ ফুটবলারের এমন প্রশংসা বিশ্ব ফুটবল অঙ্গনে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। এটি প্রমাণ করে যে, মাঠের চরম শত্রুতার বাইরেও প্রতিভার মূল্যায়ন করতে জানেন আধুনিক ফুটবলের পোস্টার বয়রা।
পরিসংখ্যানের আলোয় ইয়ামালের দাপট
২০২৫ সালের ব্যালন ডি’অর র্যাংকিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করা ইয়ামালের সাম্প্রতিক সময়টা কাটছে স্বপ্নের মতো। বয়সের তুলনায় মাঠের পারফরম্যান্সে তিনি যেন কোনো পরিপক্ব জাদুকর। বার্সেলোনার হয়ে ইতোমধ্যে ১৫১টি ম্যাচ খেলেছেন এই কিশোর, যেখানে তার নামের পাশে রয়েছে ৪৯টি গোল এবং ৫২টি অ্যাসিস্ট।
সবশেষ মৌসুমেও মাঠ কাঁপিয়েছেন এই ফরোয়ার্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে অংশ নিয়ে ২৪টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৮টি গোল।
ট্রফি ক্যাবিনেট ও বিশ্বকাপের প্রস্তুতি
বয়স কম হলে কী হবে, ইয়ামালের ট্রফি ক্যাবিনেট কিন্তু অনেক অভিজ্ঞ খেলোয়াড়ের চেয়েও ভারী। ঘরোয়া ফুটবলে ইতোমধ্যে তিনটি স্প্যানিশ লিগ (লা লিগা) শিরোপার স্বাদ পেয়েছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চেও তার শুরুটা হয়েছে রাজকীয়। স্পেনের জাতীয় দলের হয়ে ২৫টি ম্যাচ খেলে ফেলেছেন এবং এর মধ্যেই দেশের হয়ে জিতেছেন ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ। ২০২৩ সালের সেপ্টেম্বরে অভিষেকের পর থেকে স্পেনের জার্সিতে গোল করেছেন ৬টি।
তবে বর্তমানে কিছুটা অস্বস্তিতে আছেন এই স্প্যানিশ তারকা। চোটের কারণে মাঠের বাইরে থাকায়, আসন্ন বিশ্বকাপের আগে নিজেকে পুরোপুরি ফিট করে তোলার জন্য এখন কঠোর লড়াই চালিয়ে যাচ্ছেন ইয়ামাল। ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, চোট কাটিয়ে দ্রুতই মাঠে ফিরবেন এই বিস্ময় বালক এবং ভিনিসিউসের করা ভবিষ্যদ্বাণীকে সত্যি প্রমাণ করতে বিশ্বকাপে স্পেনের হয়ে ছড়াবেন আলোর দ্যুতি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















