শিষ্যদের রানাকে সামলানোর টোটকা দিলেন ওয়াল্টার । ঘরের মাঠে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে ফর্মের তুঙ্গে ছিলেন টাইগার পেসার নাহিদ রানা। এরপর পাকিস্তান সুপার লিগ পিএসএলেও ঝলক দেখিয়ে এসেছেন। টাইগার এই গতি তারকাকে নিয়ে তাই বেশ সতর্ক নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার।
রানার গতি সামলাতে শিষ্যদের দিলেন টোটকা। সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইদের জন্য বাংলাদেশের আলো বাতাস কিছুটা অচেনা হলেও বেশ কিছু বাংলাদেশ সফর এবং ভারত সফরে উপমহাদেশের কন্ডিশন উইকেটের সাথে ক্রিকেটারদের অনেকেই বেশ পরিচিত।
এছাড়া ‘এ’দলের হয়ে সফর করে যাওয়া অনেক ক্রিকেটারকে এবার মূল দলে রেখেই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। সফরে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে নিউজিল্যান্ড। মাত্রই ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে টিম বাংলাদেশ।
কিউইদের এই দলকেও নিশ্চিতভাবেই উড়িয়ে দিতে চাইবে টাইগাররা। যদিও কাজটা সহজ হবে না মোটেই। সংবাদ সম্মেলনে কিউই প্রধান কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘(নাহিদ রানা) দারুণ ফাস্ট বোলার। এই কন্ডিশন তাকে সাহায্য করবে। বাংলাদেশের হয়ে এমন ফাস্ট বোলারকে দেখতে পাওয়া, বেশ ভালো ব্যাপার। আমরা তার কোয়ালিটিকে একদমই খাটো করে দেখছি না। আগেই বললাম, তাদের দলে বেশ ভালো কিছু কোয়ালিটি ফাস্ট বোলার আছে।
এছাড়া তিনি বলেন,
ফাস্ট বোলারদের মোকাবেলা করা আমাদের জন্য নতুন কিছু নয়। এটা আমরা নিয়মিতই করি। আমাদের দলেও পেসার আছে। কেবল ম্যাচের মধ্যে কাজটা করতে হবে। সে ঘণ্টায় ১৪০ কিমি গতিতে বল করে, কিছুটা ভিন্ন কন্ডিশন হয়ত, তবে এখানে নিজের স্কিল কাজে লাগিয়ে তাকে সামলাতে হবে।
মিরপুরে দুই দিনের অনুশীলন শেষে আগামী ১৭ এপ্রিল মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ এরপর ২০ তারিখ একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। চট্টগ্রামের সাগরিকার লাকি ভেন্যুতে ২৩ এপ্রিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোখি হবে দুই দল।
একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল। এরপর দুই দলে ফের ঢাকায় ফিরবে। দুই দলের শেষ টি-টোয়েন্টি হবে ২ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
