খাগড়াছড়িতে শেষ হলো নারী হকি উন্নয়ন কর্মসূচির প্রথম ধাপ

তৃণমূল পর্যায়ে নারী হকির বিকাশ ও খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়িতে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’-এর প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন রিফাতুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নজরুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের খাগড়াছড়ি শাখার রিস্ক ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন, বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের সম্পাদক মো. তারিক উজ্জামান নান্নু, জেলা ক্রীড়া সংস্থার গভর্নিং বডির সদস্য মাদল বড়ুয়া এবং জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ।

এই উন্নয়ন কর্মসূচির মূল লক্ষ্য নারী হকি খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে খেলাটির প্রসার ঘটানো। খাগড়াছড়ি ছাড়াও বান্দরবান, রাঙামাটি, সিলেট, নেত্রকোনা, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা নারী হকির উন্নয়নে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ হকি ফেডারেশনের যৌথ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা তৃণমূল পর্যায় থেকে নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে হকি খেলার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে নারী হকির চর্চা ও খেলোয়াড় তৈরির কার্যক্রম আরও গতিশীল হবে।

spot_imgspot_img
spot_img

Related Articles