ফিফা আসিয়ান কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বুধবার জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ৯-২ গোলে পরাজিত হয়েছে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের দল। ম্যাচের প্রথমার্ধেই ছয় গোল হজম করে লড়াই থেকে অনেকটা ছিটকে যায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে গোল করেন শাহরিয়ার ইমন ও বদলি খেলোয়াড় ফারহান আলী ওয়াহিদ। অন্যদিকে, ইন্দোনেশিয়ার হয়ে একাই পাঁচ গোল করেন মিচেল লি বেকার। এ ছাড়া একটি করে গোল করেন রিজকি রিদো, জাস্টিন হাবনার, লুক ভিকারি ও কেভিন ডিকস।

ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ছিল ৬৩ ধাপ। ইন্দোনেশিয়া ১১৮তম স্থানে থাকলেও বাংলাদেশের অবস্থান ১৮১তম। মাঠের লড়াইয়েও সেই ব্যবধানের প্রতিফলন দেখা যায়। তবে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বেশ কয়েকটি ভালো সেভ না করলে পরাজয়ের ব্যবধান আরও বড় হতে পারত।
ম্যাচের ১১তম মিনিটে গোল করে ইন্দোনেশিয়াকে এগিয়ে দেন বেকার। ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩২তম মিনিটে রিজকি রিদোর গোলে স্কোরলাইন হয় ৩-০।
চার মিনিট পর ইতেফুসা শুকির ক্রস থেকে হেডে গোল করে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান শাহরিয়ার ইমন। কিন্তু পরের মিনিটেই নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বেকার। ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোলটিও করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে জাস্টিন হাবনার গোল করলে ৬-১ ব্যবধানে বিরতিতে যায় ইন্দোনেশিয়া।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণ কিছুটা গোছানো থাকলেও শেষ দিকে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ৯০তম মিনিটে গোল করেন লুক ভিকারি। পরের মিনিটে রাকিবের ক্রস থেকে গোল করে ব্যবধান ৭-২ করেন বদলি খেলোয়াড় ফারহান আলী ওয়াহিদ।
তবে এখানেই শেষ হয়নি গোলের উৎসব। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে কেভিন ডিকস গোল করেন। এর দুই মিনিট পর নিজের পঞ্চম ও দলের নবম গোলটি করে ইন্দোনেশিয়ার জয় নিশ্চিত করেন বেকার।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো আয়োজিত আসিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্দোনেশিয়া। তিন ম্যাচে সাত পয়েন্ট করে অর্জন করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। দুই দলের গোল ব্যবধানও ছিল সমান, প্লাস সাত। তবে ১১ গোল করায় ইন্দোনেশিয়া এগিয়ে থাকে মালয়েশিয়ার চেয়ে, যারা করেছে ৯ গোল।
একই সময়ে অনুষ্ঠিত অন্য ম্যাচে সিঙ্গাপুরকে ৬-০ গোলে হারিয়েও ফাইনালে ওঠা হয়নি মালয়েশিয়ার। অন্যদিকে, আসরের প্রথম দুই ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ এবং সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। শেষ ম্যাচেও বড় পরাজয়ে টুর্নামেন্ট শেষ করল থমাস ডুলির শিষ্যরা।


