অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ছাড়াই বিশ্বকাপ খেলবে এবার উরুগুয়ে। কোচ মার্সেলো বিয়েলসা ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি এ ৩৯ বছর বয়সি তারকা। এই তারকা ফরোয়ার্ড জানিয়েছিলেন সুযোগ পেলে অবসর ভেঙে বিশ্বকাপ খেলবেন তিনি। তবে তাঁর প্রতি আগ্রহ দেখাননি বিয়েলসা।
বিয়েলসা সুয়ারেজকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড সাজিয়েছেন ২৬ জনকে নিয়ে। সেখান আর কোনো বড় চমক রাখেননি এই কোচ। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তেসহ প্রিমিয়ার লিগের উলভসের ডিফেন্ডার সান্তিয়াগো বুয়েনো এবং টটেনহ্যাম মিডফিল্ডার রদ্রিগো বেনটানকুর আছেন।
চার আসর পর সুয়ারেজকে ছাড়াই বিশ্বকাপ
ক্যারিয়ার শুরুর পর এই প্রথম উরুগুয়ের কোনো বিশ্বকাপ দলে জায়গা পাননি সুয়ারেজ। এর আগের টানা চার বিশ্বকাপে ‘লা সেলেস্তেদের’ আক্রমণভাগের মূল ভরসা ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ১৪৩ ম্যাচে মাঠে নেমে রেকর্ড ৬৯টি গোল করেছেন সুয়ারেজ, যা উরুগুয়ের ফুটবল ইতিহাসে আর কারো নেই।
জাতীয় দলের জার্সি গায়ে সুয়ারেজের শেষ বড় টুর্নামেন্ট ছিল ২০২৪ সালের কোপা আমেরিকা, যেখানে ৪ ম্যাচে এক গোল করেছিলেন তিনি। অন্যদিকে, বিশ্বমঞ্চে উরুগুয়ের হয়ে ১৬ ম্যাচ খেলে ৭টি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট রয়েছে এই তারকার।
চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মেই আছেন সুয়ারেজ। ক্লাবটির হয়ে ১২ ম্যাচে ইতোমধ্যেই ৬টি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন এই স্ট্রাইকার। তবে তার এই চেনা ছন্দও মন গলাতে পারেনি কোচ বিয়েলসার।
অথচ সাম্প্রতিক মাসগুলোতে ক্লাবের হয়ে ম্যাচ টাইম না পাওয়া সত্ত্বেও সাবেক লিভারপুল স্ট্রাইকার ডারউইন নুনিয়াসকে স্কোয়াডে রেখেছেন বিয়েলসা। রক্ষণভাগ সামলোনার দায়িত্বে আছেন রোনালদ আরাউহো, হোসে মারিয়া হিমিনেজ ও মাতিয়াস অলভিয়েরা। মিডফিল্ডে ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেনতাঙ্কুর, মানুয়েল উগার্তেরা। আক্রমণভাগে আছেন দারউইন নুনিয়েজ।
আগামী ১৫ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে উরুগুয়ের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘এইচ’-এ তাদের বাকি দুই প্রতিপক্ষ কেপ ভার্দে এবং সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
২০২৬ বিশ্বকাপে উরুগুয়ে স্কোয়াড :
গোলকিপার: সের্হিও রোশেত, ফের্নান্দো মুসলেরা, সান্তিয়াগো মেলে।
ডিফেন্ডার: গিয়ের্মো ভারেলা, রোনালদ আরাউহো, হোসে মারিয়া হিমেনেস, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্তিয়ান কাসেরেস, মাতিয়াস অলিভেরা, হোয়াকিন পিকেরেজ, মাতিয়াস ভিনিয়া।
মিডফিল্ডার: ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্তিনেস, রদ্রিগো বেনটানকুর, ফেদেরিকো ভালভার্দে, অগুস্তিন কানোবিও, হুয়ান ম্যানুয়েল সানাবরিয়া, জর্জিয়ান ডি আরাস্কারেতা, নিকোলাস ডি লা ক্রুজ, রদ্রিগো সালাসার, ফাকুন্দো পেলিস্ত্রি, মাক্সিমিলিয়ানো আরাউহো, ব্রায়ান রদ্রিগেস।
ফরওয়ার্ড: রদ্রিগো আগিয়েরে (ক্লাব আমেরিকা), ফেদেরিকো ভিনিয়াস (রিয়াল ওভিয়েদো), দারউইন নুনিয়েজ (আল হিলাল)
