দীর্ঘ যাত্রা শেষে সান মারিনোতে বাংলাদেশ দল । দীর্ঘ ভ্রমণ আর ক্লান্তিকর যাত্রা শেষে অবশেষে সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল দুপুরে যাত্রা শুরু করে ২৪ ঘণ্টার বেশি সময় পাড়ি দিয়ে আজ বাংলাদেশ সময় বিকেল ছয়টার দিকে ইউরোপের ক্ষুদ্র এই দেশটিতে পৌঁছান জামাল ভূঁইয়ারা। পৌঁছেই বিশ্রাম নয়, কিছুক্ষণের মধ্যেই তারা রিকভারি অনুশীলনে নামবেন।
দলের সঙ্গে আজই যোগ দিয়েছেন ইংল্যান্ডে অবস্থান করা মিডফিল্ডার সামিত সোম। বাফুফের দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, যাত্রা ভালো ছিল এবং সবার সঙ্গে দেখা করে ভালো লাগছে। কোচ থমাস ডুলির সঙ্গে দেখা করেও তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শুক্রবারের ম্যাচে ভালো কিছু করার আশাও ব্যক্ত করেন এই ফুটবলার।
বাংলাদেশ দলের এই সফরে যাত্রাপথ ছিল বেশ দীর্ঘ। ঢাকা থেকে ইতালির রোমে সরাসরি ফ্লাইট থাকলেও বাফুফে এয়ার ট্রাভেল পার্টনার আকিজ এয়ারের মাধ্যমে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটের ব্যবস্থা করে। গতকাল দুপুরে দলটি ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছায়। সেখানে কয়েক ঘণ্টার ট্রানজিট শেষে আবার রোমের উদ্দেশ্যে যাত্রা করে দল।
বাংলাদেশ সময় দুপুরে রোমে পৌঁছানোর পর সেখান থেকে বাসে করে সান মারিনোর উদ্দেশে রওনা হন জামালরা। রোম থেকে সান মারিনো পৌঁছাতে চার ঘণ্টারও বেশি সময় লাগে। দীর্ঘ এ ভ্রমণের কারণে আজ পুরো দল বিশ্রামে থাকবে। তবে আগামীকাল থেকে অনুশীলন শুরু করবেন কোচ থমাস ডুলি।
সামিত সোম আজই দলের সঙ্গে যোগ দিলেও আগামীকাল সান মারিনোতে পৌঁছানোর কথা হামজা চৌধুরি ও জায়ান আহমেদের। ৫ জুনের ম্যাচের আগে বাংলাদেশের হাতে থাকবে তিন দিনের অনুশীলনের সুযোগ। সেই সময়টাকে কাজে লাগিয়ে দল গুছিয়ে নিতে চান ডুলি।
এই সফরের বিশেষত্বও আলাদা। বাংলাদেশ ফুটবল দল এবারই প্রথম ইউরোপের কোনো দলের বিপক্ষে ইউরোপের মাটিতে খেলবে। সান মারিনো ইতালির ভেতরে অবস্থিত একটি স্বাধীন ক্ষুদ্র রাষ্ট্র। ফিফা র্যাংকিংয়ে তারা বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে, ২১১ নম্বরে। বাংলাদেশ অবশ্য র্যাংকে ত্রিশ ধাপ এগিয়ে থাকলেও এই সফরের মূল লক্ষ্য অভিজ্ঞতা অর্জন এবং ইউরোপীয় দলের বিপক্ষে খেলায় নিজেদের মান যাচাই করা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















