ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বরাবরই দেশের ক্রিকেটারদের অধিকার ও কল্যাণে কাজ করার কথা বলে আসছে। তবে এবার ব্যতিক্রমভাবে কোয়াব নির্বাচন নিয়ে সরব হয়েছেন বর্তমান ক্রিকেটাররাই। আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে এখন চলছে পর্যালোচনা, মতবিনিময় এবং নতুন নেতৃত্ব গঠনের প্রস্তুতি।
সোমবার মিরপুরে কোয়াব সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্রিকেটার মোহাম্মদ মিঠুন গণমাধ্যমে বলেন, ‘এর আগে কোয়াবের সঙ্গে কোনো বর্তমান খেলোয়াড় যুক্ত ছিলেন না। যারা এর আগে দায়িত্ব পালন করেছেন, আমরা মনে করেছি তারা আমাদের জন্য কাজ করবেন। এই আশায় আমরা বিগত সময় কাটিয়ে দিয়েছি। তাদের ওপরে নির্ভর করে আমরা লম্বা সময় ভুগেছি। এখন প্রতি বিভাগের ক্রিকেটাররা এসেছেন, সামনে থেকে কাজ করতে চান। ক্রিকেট সামনে থেকে না এগোলে এর দায়বদ্ধতা আমাদের।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতৃত্ব দিবেন কে কিংবা আমাদের হয়ে কারা কাজ করবেন এই সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে চাচ্ছি। এজন্য আমরা বর্তমান খেলোয়াড়রা যুক্ত হয়েছি।’
নতুন নেতৃত্ব নিয়ে নিজেদের অবস্থান জানাতে গিয়ে মিঠুন বলেন, ‘কোয়াবের নেতৃত্বে যারা আসবেন তাদের একটা গাইডলাইন দেওয়া থাকবে, যেন আমাদের খেলোয়াড়দের যা প্রাপ্য তা যেন ঠিকভাবে পায়। আমরা নির্দিষ্ট কোনো নাম বলতে পারব না… নেতা এমন হওয়া উচিত যিনি সবাইকে নিয়ে চিন্তা করেন।’
তিনি আরও যুক্ত করেন, ‘প্রতিটা জেলায় খেলা বন্ধ, এখানে কোয়াবেরও একটা দায়বদ্ধতা রয়েছে। জেলাগুলোতে যদি কোয়াবের শক্তিশালী ইউনিট থাকত, তাহলে তারা জেলার দায়িত্বরতদের সঙ্গে কথা বলতে পারতেন ক্রিকেট খেলা নিয়ে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















