আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল দি মারিয়ার পরিবারের সদস্যকে হত্যার হুমকি দেয়া দুর্বৃত্তদের গ্রেপ্তার করেছে আর্জেন্টিনা ফেডারেল পুলিশ এবং অপরাধমূলক কর্মকান্ডের তদন্ত ও তথ্য সংগ্রহকারী একটি বিশেষ ইউনিট পিডিআই। বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুলরিখ।
পাত্রিসিয়া জানান, হুমকিদাতাদের প্রধান পাবলো আকোত্তো। তাঁর বিরুদ্ধে আগে থেকেই মাদক চোরাচালানের তদন্ত চলছে।
হুমকি দেয়ার বিষয়টি ইতিমধ্যে স্বীকার করেছেন আকোত্তো। তাঁর সহযোগী হিসেবে ছিলেন সারা বেলেন গুতিরেজ এবং গ্যাব্রিয়েল ইসমায়েল পাস্তোরো। হুমকিদাতা তিনজনকে নিজ নিজ বাসা থেকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলা দি মারিয়া গত সপ্তাহে জানিয়েছিলেন, ছেলেবেলার ক্লাব রোজারিও সেন্ট্রালে নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। মূলত ওই ঘোষণার পরেই হুমকি পান এই আর্জেন্টাইন তারকা।
উল্লেখ্য, দি মারিয়ার রোজারিওর বাসার সামনে একটি গাড়ি থেকে কাগজে লেখা বার্তা ছুঁড়ে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। সেই বার্তায় মারিয়ার পরিবারের উদ্দেশ্যে লেখা ছিলো, ‘আনহেলকে বলো সে যেন রোজারিওতে না ফেরে। সে যদি ফেরে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। পুয়ারোও (রোজারিওর গভর্নর) তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগজে লেখা বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















