বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি ঘানা । উত্তর আমেরিকা বিশ্বকাপের ‘এল’ গ্রুপে জমে উঠেছে নকআউটের দৌড়। প্রথম ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড, সমান পয়েন্ট নিয়ে ঠিক পেছনেই ঘানা। তাই মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় বস্টনের মাঠে মুখোমুখি হতে যাওয়া দুই দলের জন্যই ম্যাচটি হয়ে উঠেছে গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার বড় সুযোগ।
বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে ২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দুর্দান্ত আত্মবিশ্বাসে আছে টমাস টুখেলের দল। আক্রমণে হ্যারি কেইনের অভিজ্ঞতা, জুড বেলিংহামের সৃজনশীলতা এবং বদলি নেমে গোল করা মার্কাস রাশফোর্ড ইংলিশদের আক্রমণভাগকে করেছে আরও ভয়ংকর। ঘানার বিপক্ষেও জয়ের ধারা ধরে রেখে দ্রুত নকআউট নিশ্চিত করতে চাইবে থ্রি লায়ন্সরা।
ম্যাচের আগে রাশফোর্ড জানিয়েছেন, ইংল্যান্ডের মূল শক্তি দলীয় ঐক্য। তার ভাষায়, কঠিন ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে পুরো দল একসঙ্গে লড়াই করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রোয়েশিয়ার বিপক্ষে বদলি নেমে গোল করার পর তার আত্মবিশ্বাসও এখন তুঙ্গে।
অন্যদিকে আফ্রিকার প্রতিনিধি ঘানাও দারুণ শুরু করেছে বিশ্বকাপ অভিযান। পানামার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে তারা এখন গ্রুপের দ্বিতীয় স্থানে। কোচ কার্লোস কুইরোস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে তার দল লড়াই ছাড়া কিছু ভাবছে না।
ইংল্যান্ড কাগজে-কলমে এগিয়ে থাকলেও ঘানার গতি, শারীরিক সক্ষমতা এবং লড়াকু মানসিকতা ম্যাচটিকে কঠিন করে তুলতে পারে। তবে সামগ্রিক শক্তি, স্কোয়াড গভীরতা এবং আক্রমণভাগের ধার বিবেচনায় বস্টনের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











