স্প্যানিশ লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের আরও কাছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে ২-০ গোলে অ্যাথলেটিক ক্লাবকে হারায় গ্যালাকটিকোরা। জোড়া গোল করেন ব্রাজিলীয় উইঙ্গার রদ্রিগো।
এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে আবারও আট পয়েন্টে এগিয়ে গেলো রিয়াল।
রিয়াল মাদ্রিদ যেন হয়ে উঠছে ব্রাজিলীয় ফুটবলারদের তারার হাট। ভিনিসিয়ূস জুনিয়রের অনুপস্থিতিতে রোববার ম্যাচের সব আলো কেড়ে নিলেন তারই স্বদেশী রদ্রিগো।
এদিকে টানা দুই আন্তর্জাতিক ম্যাচে গোল করে বিশ্ব ফুটবলের আলোটাই নিজের দিকে টেনে নেয়া এনদ্রিককে পেতে চায় স্প্যানিশ সুপার জায়ান্টরা। ১৭ বছর বয়সি এন্দরিকের বাজারমূল্য চড়িয়ে দিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১৪বারের শিরোপাজয়ী রিয়াল।
রোববারের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামে রিয়াল। যদিও কার্ড খাঁড়ায় খেলতে পারেননি ভিনিসিয়ূস। অবশ্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ইংলিশ মিডফিল্ডার জুডে বেলিংহাম।
ম্যাচের অষ্টম মিনিটেই রদ্রিগোর গোলে লিড নেয় স্বাগতিক দল। বক্সের বাইরে থেকে নেয়া বুলেট গতির শট ফেরানোর চেষ্টাই করতে পারেননি অ্যাথলেটিকের গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে কয়েকদফা আক্রমণ করেও ব্যবধান বাড়াতে পারছিলো না অ্যানচেলত্তির শিষ্যরা। অবশেষে ৭৩তম মিনিটে আবারও জালের দেখা পান রদ্রিগো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
৩০ ম্যাচ শেষে ২৩ জয় ৬ ড্র থেকে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২০ জয় ৭ ড্র থেকে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বার্সেলোনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















