বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী মিশর। দলটির প্রধান কোচ হোসাম হাসান জানিয়েছেন, লিওনেল স্কালোনির দলকে যথেষ্ট সম্মান করলেও তারা আর্জেন্টিনাকে ভয় পান না। বরং শেষ ষোলোর ম্যাচে নিজেদের সম্ভাবনাও সমানভাবে দেখছেন তিনি।
বাংলাদেশ সময় ৭ জুলাই রাত ১০টায় আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামবে আফ্রিকার প্রতিনিধিরা।
মিশরের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হোসাম হাসান ১৯৯০ বিশ্বকাপে দেশের হয়ে খেলেছিলেন। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ ৬৯ গোলের মালিক তিনি। এক গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমান অধিনায়ক মোহামেদ সালাহ।
এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বের ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়েছে মিশর। শেষ বত্রিশের লড়াইয়ে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে দলটি। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে চান কোচ হাসান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে অনেক কিছু অর্জন করেছি। কোচ হিসেবে আরও বেশি কিছু অর্জন করতে পারলে আমি খুশি হব। আমাদের লক্ষ্য জাতীয় দলকে নিয়ে মিশরীয়দের গর্বিত করা এবং সেই লক্ষ্য পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
আর্জেন্টিনার শক্তিমত্তা নিয়েও বাস্তববাদী মন্তব্য করেন মিশর কোচ। ২০২২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুটি কোপা আমেরিকার শিরোপাও জিতেছে স্কালোনির দল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা লিওনেল মেসিদের দলকে অন্যতম সেরা বলেই স্বীকার করেছেন তিনি।
তবে শক্তিশালী প্রতিপক্ষকে ঘিরে ভীত নন হাসান। তার ভাষায়, ‘আর্জেন্টিনা দারুণ একটি দল এবং তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। আমরা জানি কোনো দলের জন্যই সহজ ম্যাচ হবে না। আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, কিন্তু আমরা তাদের ভয় পাই না।’
এখন দেখার বিষয়, আত্মবিশ্বাসী মিশর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে চমক দেখাতে পারে কি না। অন্যদিকে কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করে শিরোপা ধরে রাখার মিশন এগিয়ে নিতে চাইবে স্কালোনির দল।


