আফগান সাবেক ক্রিকেটার শাপুর জাদরান আর নেই

দীর্ঘ অসুস্থতার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান। আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিকের অন্যতম পরিচিত মুখ শাপুর জাদরান আর নেই। বিরল রোগে দীর্ঘদিন ভোগার পর মঙ্গলবার তিনি মারা গেছেন।

দীর্ঘদিন বিরল রোগ হেমোফাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ)-এ ভুগছিলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান। ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এইচএলএইচ একটি বিরল রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা নিজের সুস্থ কোষ ও অঙ্গ-প্রত্যঙ্গের ওপরই আক্রমণ চালায়। এতে লিভার, প্লীহা ও অস্থিমজ্জাসহ শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মক জটিলতা দেখা দেয়। কয়েক সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরে আবার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

আফগানিস্তান ক্রিকেটের উত্থানের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জাদরানের। দেশের হয়ে তিনি ৪৪টি একদিনের আন্তর্জাতিক ও ৩৬টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দুই সংস্করণ মিলিয়ে তার উইকেট ৮০টি।

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে শাপুর জাদরানের ব্যাট থেকে আসে জয়সূচক রান। সেই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে ম্যাচ জয়ের স্বাদ পায় আফগানিস্তান। দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে এখনো সেই ম্যাচের কথা মনে করা হয়।

জাদরানের মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক ও বর্তমান ক্রিকেটার, কর্মকর্তা এবং সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আফগান ক্রিকেটের পথচলার শুরুর সময়ের অন্যতম এই পেসারের অবদান দেশটির ক্রিকেট ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles