বাংলাদেশের বিপক্ষে লড়াইটা সহজ হবে না-স্যামি

আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সিরিজ সামনে রেখে মিরপুরে প্রস্তুতি নিচ্ছে দুই দল। সিরিজ শুরুর আগে গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে ক্যারিবীয়দের প্রধান কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে লড়াইটা সহজ হবে না।

প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে জয় তুলে নিতে চান তাঁরা। সিরিজের আগে চাপ সামলানোর গুরুত্ব তুলে ধরেছেন স্যামি। তাঁর মতে, জীবনের প্রতিটি ক্ষেত্রেই চাপ থাকবে। তবে সেই চাপ কীভাবে সামলানো হচ্ছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে ভালোবাসার কথাও বলেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ। তাঁর আশা, দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় মাঠে জমজমাট লড়াই হবে।

স্যামি বলেন, ‘জীবনে সব সময়ই চাপ থাকবে। কীভাবে ব্যাপারটা সামলাচ্ছেন, এটাই বেশি জরুরি।’ বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে স্যামি বলেন, প্রতিপক্ষকে সম্মান জানিয়েই মাঠে নামবে তাঁর দল। একই সঙ্গে নিজেদের পরিকল্পনায় অটল থাকার কথাও জানিয়েছেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে শেষ সিরিজটি ভালোভাবে শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান উন্নত করার লক্ষ্যও রয়েছে ক্যারিবীয়দের। স্যামি জানিয়েছেন, দল এখন সেরা পাঁচে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে।

সে জন্য খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। ভারতের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে আর্থিক অনিশ্চয়তার খবরের মধ্যেও ক্রিকেটারদের ভালো খেলার মানসিকতার প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ। লাল বলের ক্রিকেটে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও আশাবাদী স্যামি। তাঁর দাবি, চলতি বছরে টেস্টে কোনো সিরিজ হারেনি ওয়েস্ট ইন্ডিজ। এই ধারাবাহিকতা বাংলাদেশের বিপক্ষেও ধরে রাখতে চান তাঁরা। ব্যাটিংয়ে শাই হোপের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও কোনো একক ক্রিকেটারের ওপর নির্ভর করতে চান না স্যামি। তাঁর মতে, দলের অন্য খেলোয়াড়দেরও নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ রয়েছে।

গ্রিভস, জাঙ্গু, ক্যাম্পবেল, ব্রেন্ডন কিং, শামার জোসেফ ও ওয়ারিক্যানের মতো ক্রিকেটারদের কাছ থেকে দায়িত্বশীল পারফরম্যান্স আশা করছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজের কোচ। চেন্নাইয়ে ক্যাম্প করার সুযোগ পাওয়ায় বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেখানে অনুশীলনের ভালো পরিবেশ ও সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে খেলোয়াড়েরা নিজেদের প্রস্তুত করেছেন বলে মনে করেন স্যামি। এখন সেই প্রস্তুতিকে মাঠের পারফরম্যান্সে রূপ দেওয়াই তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ।

spot_imgspot_img
spot_img

Related Articles