শান্তকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে দলে নিল ফরচুন

ডি থ্রি ট্রফির খেলোয়াড় নিলামে বড় অঙ্কের দর পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত নিলামে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে তাঁকে দলে ভিড়িয়েছে ফরচুন গ্রুপ। এখন পর্যন্ত নিলামে আলোচনায় থাকা ক্রিকেটারদের মধ্যে শান্তর জন্যই সর্বোচ্চ দর হাঁকিয়েছে দলটি।

নিলামের শুরুতেই তোলা হয় শেখ মাহেদী হাসানের নাম। তাঁর ভিত্তিমূল্য ছিল ৪০ লাখ পয়েন্ট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দর হাঁকানোর পর শেষ পর্যন্ত ১ কোটি ৫০ লাখ পয়েন্টে তাঁকে দলে নেয় ব্লুস্টার।

এদিকে নিলামে একাধিক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফরচুন। সৌম্য সরকারকে ৭৫ লাখ এবং রিশাদ হোসেনকে ৬০ লাখ পয়েন্টে কেনার পর শান্তর জন্য খরচ করেছে ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট। এর মধ্য দিয়ে নিলামে নিজেদের শক্তিশালী দল গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

অন্যদিকে, ৮০ লাখ পয়েন্টে তাইজুল ইসলামকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। এবারের নিলামে মোট ২৮১ জন ক্রিকেটারের নাম থাকলেও ছয়জন আইকন ক্রিকেটার আগেই দল পেয়েছেন। ফলে বাকি ২৭৫ জন ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে নিলাম।

ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ১৭ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২৪ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭০ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন ১১২ জন ক্রিকেটার।

ছয়টি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে একমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লুস্টার।

নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসেবে নিজেদের দলে তারকাদের নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি গুলো। ব্লুস্টারের হয়ে খেলবেন নুরুল হাসান সোহান, ফরচুনে তাওহীদ হৃদয়, একমিতে মোসাদ্দেক হোসেন সৈকত, সিটিজেনস ব্যাংকে মোহাম্মদ নাঈম শেখ, সেভেন রিংস সিমেন্টে মুশফিকুর রহিম এবং ওয়ালটনে মেহেদী হাসান মিরাজ।

শান্তর জন্য ফরচুনের ১ কোটি ৫৫ লাখ পয়েন্টের দর এবারের নিলামে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। এখন দেখার বিষয়, নতুন এই দল গঠন প্রতিযোগিতায় মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে।

spot_imgspot_img
spot_img

Related Articles