মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। গতকাল মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার ট্রাজেডীর পরে আজ জাতীয় শোক দিবসের দিনে বাংলাদেশ টিমের সামনে সুযোগ রয়েছে ইতিহাস গড়ার।
সিরিজের প্রথম ম্যাচে, ৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে বহু প্রতীক্ষিত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। এই জয়ের ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
এই জয় বাংলাদেশের সামনে এনে দিয়েছে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। পাকিস্তানের বিপক্ষে এখনও কোনো টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই ইতিহাস বদলানোর সামনে দাঁড়িয়ে টাইগাররা। সিরিজের বাকি দুটি ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আজ (২২ জুলাই) একই ভেন্যুতে। সেখানেই সিরিজ নিশ্চিত করার সুযোগ পাচ্ছে টাইগাররা। যদিও হারলে শিরোপার ভাগ্য নির্ধারিত হবে শেষ ম্যাচে। তবে সিরিজের কাজ দ্বিতীয় ম্যাচেই শেষ করতে মরিয়া থাকবে স্বাগতিক শিবির।
এই জয়ে টাইগারদের সামনে দাঁড়িয়ে আছে আরেকটি বড় মাইলফলক। টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছে লাল-সবুজের দলের সামনে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামছে তারা।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১০ রানে প্রতিপক্ষকে অলআউট করে টাইগাররা। এরপর ব্যাটিংয়ে ঝড় তুলে ২৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। বিশেষ করে পারভেজ ইমন ৩৯ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেন। টাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে লজ্জাজনক পরাজয়ের স্বাদ নিতে হয় পাকিস্তানকে।
দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। একইসঙ্গে পাকিস্তানও একাদশ অপরিবর্তিত রাখতে পারে।
প্রথম ম্যাচের দাপুটে পারফরম্যান্সে উজ্জীবিত টাইগাররা এবার ইতিহাস গড়ার অপেক্ষায়। আজকের ম্যাচ এবং এই সিরিজ জিতলে হয়তো বাংলাদেশ দল এই জয়কে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার ট্রাজেডী কে উৎসর্গ করবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















