২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্ট শুরুর ঠিক এক বছর আগে আগামী ১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে উন্মোচন করা হবে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) যৌথভাবে সূচি প্রকাশ করবে।
২০২৭ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু
সূচি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হবে ২০২৭ বিশ্বকাপের এক বছরের কাউন্টডাউন। একই দিন দর্শকদের জন্য টিকিটের ব্যালটের নিবন্ধনও শুরু করবে আইসিসি। তবে ওই দিন সরাসরি টিকিট কেনার সুযোগ থাকবে না। আফ্রিকা মহাদেশে অনুষ্ঠেয় ২০২৭ বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ২ অক্টোবর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকছে জিম্বাবুয়ে ও নামিবিয়া।
এবারের বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপে ১০টি করে দল অংশ নিয়েছিল। এবার দল বাড়ছে চারটি। ১৪ দলের মধ্যে ১০টি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। বাকি চারটি দলকে খেলতে হবে বাছাইপর্ব। তিন আয়োজকের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে। অন্য আয়োজক নামিবিয়াকে অবশ্য বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করতে হবে।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বাদে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আরও আটটি দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। বর্তমান হিসাব অনুযায়ী ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার দৌড়ে রয়েছে।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে এবারও বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে। ২০১৯ বিশ্বকাপেও বাছাইপর্ব খেলে মূল পর্বে উঠেছিল ক্যারিবীয় দলটি। তবে ২০২৩ বিশ্বকাপে বাছাইপর্ব উতরাতে ব্যর্থ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বের বাইরে থাকতে হয়েছিল।
২০২৭ ওয়ানডেতে ভিন্ন ফরম্যাটে বিশ্বকাপ
২০২৭ বিশ্বকাপে আগের তুলনায় ভিন্ন ফরম্যাটে খেলা হবে। ১৪টি দল নিশ্চিত হওয়ার পর র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা তিন দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিরিজ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলার পর সেখান থেকে একটি দল পরের রাউন্ডে উঠবে। বাকি দুই দল বিদায় নেবে। এরপর দ্বিতীয় রাউন্ডে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। ছয়টি করে দল নিয়ে গঠিত প্রতিটি গ্রুপে রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ হবে। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল পরের রাউন্ডে যাবে। এর সঙ্গে দুই গ্রুপ মিলিয়ে সেরা আরেকটি দলও জায়গা করে নেবে। ফলে মোট সাত দল খেলবে সুপার সেভেন রাউন্ডে।
সুপার সেভেনে সাতটি দল একে অপরের বিপক্ষে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে। লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। প্রথম স্থানে থাকা দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল।
দুই সেমিফাইনালের বিজয়ী দল খেলবে ফাইনালে। ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে সেই ফাইনাল।
শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ভারতে। ১০ দলের সেই আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। আহমেদাবাদের ফাইনালে ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে অস্ট্রেলিয়া।




