ভারতের বিপক্ষে টেস্টে ৮ নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকা নারী দল

আগামী মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ৮ জন নতুন মুখ নিয়ে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চলতি গ্রীষ্মে দুটি লাল বলের আন্তর্জাতিক ম্যাচ খেলবে প্রোটিয়ারা, যার প্রথমটি এটি। লরা ভলভার্টের নেতৃত্বাধীন এই দলে আছেন অলরাউন্ডার মারিজান কাপ, যিনি নিজ শহর গকেবেরহায় প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবেন। এ ছাড়া দলে আছেন বাঁহাতি স্পিনার ননকুলুলেকো এমলাবা, যিনি দক্ষিণ আফ্রিকার একমাত্র বোলার হিসেবে এক টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।

টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে ডাক পেয়েছেন নামিবিয়ার সাবেক অধিনায়ক ইয়াসমিন খান।

নতুন মধ্যে আছেন ডলফিন্সের ওপেনিং ব্যাটার আলেকজান্দ্রা ক্যান্ডলার-যিনি বর্তমানে ঘরোয়া ওয়ানডে লিগের দ্বিতীয় সর্বোচ্চ এবং টি-টোয়েন্টি প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক। এ ছাড়া আছেন পেস বোলিং অলরাউন্ডার ওলুহলে সিয়ো, পেসার নথাবিসেং নিনি, ব্যাটার কেইটলিন উইনগার্ড এবং দুই স্পিনার লুয়ান্ডা এনজুজা ও ননদুমিসো শাঙ্গাসে। বাকি দুই নতুন মুখ হলেন এলিজ-মারি মার্ক্স ও মিয়ানে স্মিত, যাঁরা এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে বেশ কয়েকটি সাদা বলের ম্যাচ খেলেছেন।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ৮ জন নতুন মুখ নিয়ে নারী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার। চলতি গ্রীষ্মে দুটি টেস্টসহ ওয়ানডে ও টি-২০ সিরিজ ও রয়েছে।

দলে সিনালো জাফতা ও কারাবো মেসো-এই দুই উইকেটকিপারকে রাখা হয়েছে। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছেন জাফতা, যে চোটের কারণে গত সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারেননি। তবে ফেরার পর জাফতাকে ধীরেসুস্থে খেলানো হতে পারে এবং টেস্টের একাদশে মেসোর সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি।

মেয়েদের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা সর্বশেষ টেস্ট খেলেছিল দুই বছর আগে-এবং ঘরোয়া পর্যায়ে দীর্ঘ পরিসরের ম্যাচের অভাব থাকা সত্ত্বেও চলতি গ্রীষ্মে প্রস্তুতির জন্য ইতিমধ্যে দুটি লাল বলের ক্যাম্প করেছে প্রোটিয়ারা। তাদের দল নির্বাচনে মূলত প্রজন্ম বদলের ছাপ স্পষ্ট। ব্লুমফন্টেইনে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ টেস্টের একাদশে থাকা আনেকে বশ, নাদিন ডি ক্লার্ক, ক্লোয়ি ট্রায়ন, তুমি সেখুখুনে এবং আয়ান্দা হ্লুবি এই স্কোয়াডে জায়গা পাননি।

ভারতের বিপক্ষে এটি হবে দক্ষিণ আফ্রিকার চতুর্থ টেস্ট, আগের তিনটিতেই তারা হেরেছে। মৌসুমের শেষ দিকে আগামী এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও একটি টেস্ট খেলবে তারা।

এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিও খেলবে ভারত। ২০২৯ নারী বিশ্বকাপের বাছাইপর্ব নির্ধারণী আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে, আর আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে খেলা হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে দলে বশ, তাজমিন ব্রিটস, ডি ক্লার্ক, আয়াবোঙ্গা খাকা ও সেখুখুনের মতো পরিচিত মুখদের পাশাপাশি অভিষেকের অপেক্ষায় থাকা ক্যান্ডলার ও উইনগার্ডও রয়েছেন।

জন্মভূমির হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নামিবিয়ার সাবেক অধিনায়ক ইয়াসমিন খান। এ ছাড়া এই স্কোয়াডে আছেন কায়লা রেইনেকে, ফে টানিক্লিফ এবং লেগ স্পিনার সেশনি নাইডু।

দক্ষিণ আফ্রিকার কোচ মান্ডলা মাশিম্বি এক বিবৃতিতে বলেন, “ভারতের বিপক্ষে শুধু ওয়ানডে বা টি-টোয়েন্টি নয়, বরং টেস্ট ম্যাচ খেলাটাও এই দলের জন্য দারুণ রোমাঞ্চকর এক চ্যালেঞ্জ। আমি মুখিয়ে আছি মেয়েরা কীভাবে এই চ্যালেঞ্জ সামলায় তা দেখার জন্য। ভারত ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন, আর আমরাও সেই জায়গায় পৌঁছাতে চাই। তাই আমাদের ধারাবাহিক উন্নতি ও আত্মবিশ্বাস যাচাইয়ের জন্য এই সফরটি দারুণ একটি পরীক্ষা হবে।”

তিনি আরও যোগ করেন, “অ্যালেক্সের (ক্যান্ডলার) মতো খেলোয়াড়ের জন্য এটি অনেক বড় একটি মুহূর্ত, যে ঘরোয়া ও ইমার্জিং পর্যায়ে বছরের পর বছর ভালো খেলে সর্বোচ্চ পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছে। টেস্ট ও ৫০ ওভারের ফরম্যাটে সুযোগ পাওয়ায় কেইটলিনকেও (উইনগার্ড) অভিনন্দন। সাম্প্রতিক সময়ে সে দারুণভাবে নজর কেড়েছে এবং একজন তরুণের মধ্যে যেমন ক্ষুধা ও লড়াকু মানসিকতা থাকা প্রয়োজন, সে তারই প্রতিচ্ছবি। এই দুজনসহ ইয়াসমিন (খান) ও ওলুহলের (সিয়ো) মতো রোমাঞ্চকর খেলোয়াড়েরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।”

উল্লেখযোগ্যভাবে, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ডেন ফন নিকার্ক কিংবা শাবনিম ইসমাইল-কেউই ভারত সিরিজের কোনো দলে জায়গা পাননি। ওই টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলার পর থেকে ফন নিকার্ক আর কোনো ক্রিকেট খেলেননি, অন্যদিকে ইসমাইল ঘরোয়া দল লায়ন্সের হয়ে খেলছেন। জাতীয় দলের হয়ে ভবিষ্যতে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে তাঁদের কেউই এখনো কোনো ইঙ্গিত দেননি।

আগামী ৯ ডিসেম্বর গকেবেরহায় টেস্ট ম্যাচ দিয়ে সফর শুরু হবে সিরিজ। এরপর ১৬ ডিসেম্বর পার্ল, ১৯ ডিসেম্বর কেপটাউন এবং ২২ ডিসেম্বর ব্লুমফন্টেইনে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২৬ ডিসেম্বর বেনোনিতে প্রথম টি-টোয়েন্টি এবং ২৯ ও ৩০ ডিসেম্বর পচেফস্ট্রুমে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে।

ভারত সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা নারী দল:

টেস্ট দল: লরা ভলভার্ট, *আলেকজান্দ্রা ক্যান্ডলার, অ্যানেরি ডার্কসেন, মারিজান কাপ, সিনালো জাফতা, সুনে লুস, *এলিজ-মারি মার্ক্স, কারাবো মেসো, ননকুলুলেকো এমলাবা, *নথাবিসেং নিনি, *লুয়ান্ডা এনজুজা, *ননদুমিসো শাঙ্গাসে, *ওলুহলে সিয়ো, *মিয়ানে স্মিত, *কেইটলিন উইনগার্ড। (তারকাচিহ্নিতরা টেস্টে নতুন মুখ)

ওয়ানডে দল: লরা ভলভার্ট, আনেকে বশ, তাজমিন ব্রিটস, আলেকজান্দ্রা ক্যান্ডলার, নাদিন ডি ক্লার্ক, অ্যানেরি ডার্কসেন, মারিজান কাপ, আয়াবোঙ্গা খাকা, সিনালো জাফতা, সুনে লুস, কারাবো মেসো, ননকুলুলেকো এমলাবা, তুমি সেখুখুনে, ননদুমিসো শাঙ্গাসে, কেইটলিন উইনগার্ড।

টি-টোয়েন্টি দল: লরা ভলভার্ট, আনেকে বশ, তাজমিন ব্রিটস, নাদিন ডি ক্লার্ক, অ্যানেরি ডার্কসেন, সিনালো জাফতা, মারিজান কাপ, আয়াবোঙ্গা খাকা, ইয়াসমিন খান, এলিজ-মারি মার্ক্স, ননকুলুলেকো এমলাবা, সেশনি নাইডু, কায়লা রেইনেকে, তুমি সেখুখুনে, ক্লোয়ি ট্রায়ন, ফে টানিক্লিফ।

spot_imgspot_img
spot_img

Related Articles