১৫ ম্যাচে দুই গোল, আর্সেনালে কেন অনিয়মিত ইয়োকেরেস?

আর্সেনালের হয়ে প্রথম মৌসুমে ২১ গোল করেছিলেন ভিক্টর ইয়োকেরেস। দলও জিতেছিল প্রিমিয়ার লিগের শিরোপা। কিন্তু নতুন মৌসুমে সেই ছন্দ ধরে রাখতে পারছেন না সুইডিশ এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে গোল করেছেন মাত্র দুটি। প্রিমিয়ার লিগে আট ম্যাচ খেলেও এখনো গোলের দেখা পাননি তিনি। এর মধ্যে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন মাত্র একবার।

গত মৌসুমে ৬ কোটি ৪০ লাখ পাউন্ডে আর্সেনালে যোগ দিয়েছিলেন ইয়োকেরেস। শুরুতে তাঁর পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির সুযোগ থাকলেও এবার পরিস্থিতি বদলেছে। চ্যাম্পিয়নস লিগে তিনটি ও কারাবাও কাপে দুটি ম্যাচে শুরুর একাদশে খেলেছেন তিনি। কিন্তু লিগে নিয়মিত সুযোগ না পাওয়ায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

ইয়োকেরেসের সমস্যা অবশ্য শুধু গোল করতে না পারা নয়। আর্সেনালের খেলার ধরনের সঙ্গে তিনি কতটা মানিয়ে নিতে পারছেন, সেটিও আলোচনায় এসেছে। গত মৌসুমে ২০টির বেশি গোল করলেও বল ধরে রাখা, সতীর্থদের সঙ্গে আক্রমণ তৈরি করা এবং প্রতিপক্ষের রক্ষণ সামলানোর ক্ষেত্রে তাঁর সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা ছিল।

আর্সেনালে যোগ দেওয়ার পর থেকেই মূল স্ট্রাইকারের জায়গা নিয়ে কাই হাভার্টজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে তাঁকে। গত মৌসুমে হাভার্টজ চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ইয়োকেরেস। এবার জার্মান ফরোয়ার্ড সুস্থ হয়ে ফেরায় সেই সুযোগ কমেছে।

১৫ ম্যাচে দুই গোল, আর্সেনালে কেন অনিয়মিত ইয়োকেরেস

গোল করার ক্ষেত্রে ইয়োকেরেসকে এগিয়ে রাখা হলেও সামগ্রিক খেলায় হাভার্টজকে বেশি কার্যকর মনে করেন কোচ মিকেল আর্তেতা। বড় ম্যাচেও জার্মান এই খেলোয়াড়ের ওপর তাঁর আস্থা বেশি। বল ধরে রাখা, সতীর্থদের সঙ্গে সমন্বয় এবং আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে হাভার্টজের দক্ষতা আর্সেনালের খেলার ধরনেও বেশি মানানসই।

ইয়োকেরেসকে শুধু গোল করার জন্যই দলে নেয়নি আর্সেনাল। তাঁর গতির মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণে জায়গা তৈরি হবে এবং সতীর্থরা আক্রমণের সুযোগ পাবেন, এমন প্রত্যাশাও ছিল। তবে প্রতিপক্ষের গোলপোস্টের দিকে পিঠ দিয়ে বল নিয়ন্ত্রণ করা এবং সতীর্থদের সঙ্গে আক্রমণ সাজানো তাঁর স্বাভাবিক খেলার ধরন নয়। সেন্টার-ব্যাকদের সঙ্গে শারীরিক লড়াইয়ে বল ধরে রাখতেও সমস্যায় পড়ছেন তিনি। এতে সমর্থকদের হতাশা বাড়ছে।

এসব দুর্বলতা কাটাতে কাজ করছেন ইয়োকেরেস। তাঁর বল ধরে রাখা ও সতীর্থদের সঙ্গে বোঝাপড়া বাড়ানোর বিষয়টি নিয়ে কাজ করার কথা জানিয়েছেন আর্তেতা। এর কিছুটা উন্নতিও দেখা গেছে চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়া প্রাগের বিপক্ষে ম্যাচে। সতীর্থের প্রথম গোলের সুযোগ তৈরিতে সহায়তা করার পাশাপাশি নিজেও জয়সূচক গোল করেন ইয়োকেরেস। চলতি মৌসুমে সেটিই ছিল তাঁর অন্যতম সেরা পারফরম্যান্স।

হাভার্টজ ফিরতেই কমেছে ইয়োকেরেসের সুযোগ

ইয়োকেরেসের নিয়মিত একাদশে না থাকার বড় কারণ হাভার্টজের সুস্থ হয়ে ফেরা। গত মৌসুমে হাঁটু ও হ্যামস্ট্রিংয়ের চোটে জার্মান ফরোয়ার্ডকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল। সে সময় ইয়োকেরেসই ছিলেন আর্তেতার প্রধান ভরসা। হাভার্টজ পুরোপুরি ফিট থাকলে গত মৌসুমেও তিনি আরও বেশি ম্যাচ খেলতেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ও শিরোপা নির্ধারণী লড়াইয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে তাঁর শুরুর একাদশে থাকা সেই বিষয়টি স্পষ্ট করে।

চলতি মৌসুমে ইয়োকেরেস এখন পর্যন্ত ছয়টি ম্যাচে শুরুর একাদশে খেলেছেন। তবে খেলার সময় কম পাওয়া নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন আর্তেতা। তাঁর মতে, দলের অন্য খেলোয়াড়দেরও বিভিন্ন প্রতিযোগিতায় ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে।

আর্তেতা বলেন, ‘আমরা দলকে অনেক ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছি। বিভিন্ন প্রতিযোগিতাকে কাজে লাগিয়ে খেলোয়াড়দের মাঠে নামার এবং নিজেদের প্রমাণের সুযোগ দিয়েছি। আমার কাছে দলের সবাই শুরুর একাদশের খেলোয়াড়।

১৫ ম্যাচে দুই গোল, আর্সেনালে কেন অনিয়মিত ইয়োকেরেস

ইয়োকেরেসের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘তার ক্ষেত্রেও অন্য অনেক খেলোয়াড়ের মতো একই পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ প্রিমিয়ার লিগে বেশি খেলছে, কেউ আবার চ্যাম্পিয়নস লিগে। আমার মনে হয় না, এটি খারাপ কিছু।

খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত কথা বলেন বলেও জানিয়েছেন আর্তেতা। ইয়োকেরেস কম খেলার সুযোগ নিয়ে সরাসরি তাঁর কাছে অভিযোগ করেননি। কোচের ভাষায়, খেলোয়াড়দের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁরা দলের পরিকল্পনা ও প্রত্যেকের অবস্থান পরিষ্কার রাখার চেষ্টা করেন। এখন পর্যন্ত ইয়োকেরেসের সঙ্গে তাঁর আলোচনা ইতিবাচক।

ইয়োকেরেসকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও ছিল প্রশ্ন

ইয়োকেরেসকে দলে নেওয়ার পেছনের পরিকল্পনা নিয়েও আর্সেনালের ভেতরে আলোচনা ছিল। তাঁকে চূড়ান্ত করার আগে ক্লাবের নিয়োগ ও খেলোয়াড় বাছাই বিভাগ এখন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড বেঞ্জামিন সেসকোর সঙ্গে চুক্তির বিষয়ে অনেকটা এগিয়েছিল। তবে আন্দ্রেয়া বার্তা আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর হওয়ার পর পরিকল্পনায় পরিবর্তন আসে। শেষ পর্যন্ত সেসকোর বদলে ইয়োকেরেসকে দলে নেওয়া হয়।

ক্লাবের ভেতরে অনেকের ধারণা ছিল, ইয়োকেরেস আর্সেনালের প্রচলিত খেলার ধরনের সঙ্গে পুরোপুরি মানানসই নন। শুরুর একাদশে জায়গা পাওয়ার ক্ষেত্রে তাঁকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে, সেই আশঙ্কাও ছিল। যদিও শিরোপাখরা কাটাতে গত মৌসুমে তাঁর অবদান কম ছিল না।

কতটা কার্যকর ছিলেন ইয়োকেরেস?

প্রিমিয়ার লিগের গত মৌসুমে ১৪টি গোল করেছিলেন ইয়োকেরেস। বিবিসি স্পোর্টসের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, তাঁর গোলের কারণে আর্সেনাল সরাসরি পেয়েছিল মাত্র দুই পয়েন্ট। এভারটনের বিপক্ষে ১-০ গোলের জয়ে পেনাল্টি থেকে করা তাঁর গোলটি না হলে ম্যাচটি ড্র হতো। ফলে ওই গোলের অবদান ছিল দুই পয়েন্ট।

তবে শুধু এই পরিসংখ্যান দিয়ে তাঁর অবদান বিচার করা যাবে না। গত মৌসুমে পাঁচবার আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন ইয়োকেরেস। উত্তর লন্ডন ডার্বিতে টটেনহ্যামের বিপক্ষে ৪-১ গোলের জয়ে তাঁর গোল ছিল গুরুত্বপূর্ণ। এভারটনের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলের ম্যাচেও ৮৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। ওই ম্যাচে ম্যাক্স ডাউম্যান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার কীর্তি গড়লেও জয়ের পথে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে ইয়োকেরেসের গোলের অবদান ছিল গুরুত্বপূর্ণ।

আর্সেনাল ছাড়বেন কি ইয়োকেরেস?

জানুয়ারির দলবদলে ইয়োকেরেসকে বিক্রি করার সম্ভাবনা কম বলে মনে করছে বিবিসি স্পোর্টস। চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করার সামর্থ্যও রয়েছে তাঁর। তাই মৌসুমের মাঝপথে অভিজ্ঞ এই স্ট্রাইকারকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা কম।

তবে প্রিমিয়ার লিগে নিয়মিত শুরুর একাদশে জায়গা না পেলে দীর্ঘ মেয়াদে এই পরিস্থিতি মেনে নেওয়া তাঁর জন্য কঠিন হতে পারে। উচ্চাকাঙ্ক্ষী ইয়োকেরেস নিয়মিত খেলতে চাইবেন, এটাই স্বাভাবিক।

এখন তাঁর সামনে দুটি বড় চ্যালেঞ্জ গোলের খরা কাটানো এবং আর্তেতার কৌশলের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। একই সঙ্গে হাভার্টজের সঙ্গে প্রতিযোগিতায় নিজের জায়গা ফিরে পেতে হবে তাঁকে। গত মৌসুমে শিরোপা জয়ে ভূমিকা রাখা এই স্ট্রাইকার চলতি মৌসুমে কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

spot_imgspot_img
spot_img

Related Articles