ইনফান্তিনোর ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব সর্বোচ্চ ৯৬ বছরের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে চলে যেত। সম্প্রতি ফাঁস হওয়া গোপন নথিতে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

গত ২৮ জুলাই ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে প্রথম এই গোপন পরিকল্পনার তথ্য সামনে আসে। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার উদ্যোগ নিয়েছিলেন ইনফান্তিনো। তবে তিনটি মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের বিরোধিতার মুখে গত ১ আগস্ট পরিকল্পনাটি বাতিল করা হয়। এরপর থেকেই ফিফা সভাপতির ভূমিকা নিয়ে বিভিন্ন দেশের ফুটবল মহলে সমালোচনা শুরু হয়।

এর আগে জুলাইয়ে ফিফা জানিয়েছিল, প্রস্তাবিত বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার কথা ছিল থ্রাইভ ক্যাপিটালের। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতার ভাই।

সোমবার দ্য গার্ডিয়ান ও নিউইয়র্ক পোস্টের প্রকাশিত প্রতিবেদনে ফাঁস হওয়া নথির বরাত দিয়ে বলা হয়েছে, এফএফইর কাছে ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব হস্তান্তরের পরিকল্পনা ছিল। চুক্তির মেয়াদ পর্যায়ক্রমে নবায়নের মাধ্যমে সর্বোচ্চ ৯৬ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব হতো।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি এমনভাবে সাজানো হয়েছিল, যাতে নির্দিষ্ট সময় পরপর নবায়নের মাধ্যমে দীর্ঘ মেয়াদে বাণিজ্যিক অধিকার এফএফইর নিয়ন্ত্রণে রাখা যায়। অন্যদিকে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, এফএফই চুক্তির গুরুতর শর্ত ভঙ্গ করলেই কেবল চুক্তিটি বাতিল করার সুযোগ থাকত।

ফাঁস হওয়া নথিতে এফএফইর ব্যবস্থাপনা পর্ষদের জন্য বড় অঙ্কের বোনাসের ব্যবস্থার কথাও উঠে এসেছে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির মূল্যায়ন ধরা হয়েছিল ২০ বিলিয়ন ডলার। এরপর মূল্যায়নে প্রতি ১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেলে ব্যবস্থাপনা পর্ষদের জন্য ৫০ মিলিয়ন ডলার বা প্রায় ৩৮.৩ মিলিয়ন পাউন্ড বোনাস দেওয়ার সুযোগ রাখা হয়েছিল।

নথিতে আরও উল্লেখ রয়েছে, এফএফইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল ফিফার তৎকালীন সভাপতির। অর্থাৎ পরিকল্পনাটি বাস্তবায়িত হলে চেয়ারম্যানের দায়িত্বে থাকতেন ইনফান্তিনো নিজেই।

এ বিষয়ে ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটি আগেও স্পষ্ট করেছে যে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের প্রস্তাব বাস্তবায়নের জন্য ফিফার সদস্য অ্যাসোসিয়েশন ও ফিফা কাউন্সিলের অনুমোদন প্রয়োজন ছিল।

এদিকে এফএফই-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার জন্য ফিফার জুরিখ সদর দপ্তরে কাউন্সিল সদস্যদের আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি। ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ও ফিফার সহসভাপতি ডেবি হিউইট সেই আমন্ত্রণ গ্রহণ করতে যাচ্ছেন। তবে তিনি এবং কাউন্সিলের অন্যান্য ইউরোপীয় প্রতিনিধি নথি পর্যালোচনার পরিধি, প্রক্রিয়া এবং গোপনীয়তা চুক্তির শর্ত সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন।

spot_imgspot_img
spot_img

Related Articles