স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা পেল নতুন পোশাক

জাতীয় স্টেডিয়ামসহ দেশের ক্রীড়া স্থাপনাগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর অংশ হিসেবে নিরাপত্তাকর্মীদের মধ্যে নতুন পোশাক ও প্রয়োজনীয় নিরাপত্তাসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারত্ব, জবাবদিহি ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় স্টেডিয়াম এলাকার পরিবেশ সুশৃঙ্খল নয়। সেখানে মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ফুটপাত ও চলাচলের জায়গা অবৈধভাবে দখল করে রাখার মতো সমস্যা রয়েছে। এসব অনিয়ম বন্ধ করে স্টেডিয়ামের পরিবেশ ফিরিয়ে আনতে নিরাপত্তাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

প্রতিমন্ত্রী জানান, আগে নিরাপত্তাকর্মীদের নির্দিষ্ট কোনো পোশাক বা আলাদা পরিচিতি ছিল না। নতুন পোশাক ও সরঞ্জাম দেওয়ার মাধ্যমে তাঁদের পেশাগত পরিচিতি ও দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দায়িত্বে অবহেলা কিংবা অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দায়িত্ব পালনে গাফিলতি এবং কারও কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার বিষয়েও নজরদারি করা হবে।

দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতি দেওয়ার আশ্বাসও দেন আমিনুল হক। তিনি বলেন, যাঁরা নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাঁদের পুরস্কৃত করা হবে। স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

জাতীয় স্টেডিয়ামের সার্বিক পরিবেশ উন্নয়নে আরও কিছু পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্টেডিয়ামের প্রবেশ ও বহির্গমন পথ, পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনা সংস্কার করা হবে। পাশাপাশি স্বাধীন বাংলা ফুটবল দল, আইসিসি ট্রফি জয় এবং দেশের ক্রীড়াঙ্গনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও কৃতী খেলোয়াড়দের স্মৃতি তুলে ধরে স্টেডিয়ামকে আরও আকর্ষণীয় ও খেলাধুলাবান্ধব করে সাজানো হবে।

নিরাপত্তাকর্মীদের মধ্যে নতুন পোশাক ও সরঞ্জাম বিতরণের মধ্য দিয়ে এসব কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

spot_imgspot_img
spot_img

Related Articles