২৩ বছর পর বিরল কীর্তি মিশরের, সালাহর গোল ৭০

২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে দারুণ এক কীর্তি গড়েছে মিশর। ২০০৩ সালের জুনের পর প্রথমবারের মতো টানা দুই ম্যাচে অন্তত পাঁচটি করে গোল করেছে ফারাওরা। একই সঙ্গে জাতীয় দলের হয়ে গোলের পর গোল করে আফ্রিকান ফুটবলের ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন মোহাম্মদ সালাহ, আর তাতে ২৩ বছর পর বিরল কীর্তি মিশরের, সালাহর গোল সংখ্যা দাঁড়িয়েছে ৭০ এ।

দক্ষিণ সুদানকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর তৃতীয় রাউন্ডের ম্যাচে মালাউইকেও একই ব্যবধানে হারিয়েছে মিশর। এর মধ্য দিয়ে ২৩ বছরেরও বেশি সময় পর টানা দুই ম্যাচে পাঁচ বা তার বেশি গোল করার কীর্তি গড়ল দলটি।

এর আগে সর্বশেষ ২০০৩ সালের জুনে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে এমন কীর্তি গড়েছিল মিশর। ৮ জুন মরিশাসকে ৭-০ গোলে হারানোর পর একই মাসের ২০ তারিখে মাদাগাস্কারকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল তারা।

চলতি বাছাইপর্বের শুরুটা অবশ্য ভালো হয়নি মিশরের। অ্যাঙ্গোলার বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু করেছিল দলটি। তবে দক্ষিণ সুদান ও মালাউইয়ের বিপক্ষে পরপর দুই ম্যাচে ১০ গোল করে নিজেদের আক্রমণভাগের ধার ফিরে পাওয়ার প্রমাণ দিয়েছে ফারাওরা।

আফ্রিকার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনে সালাহ: ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন মোহাম্মদ সালাহ। মিশরের হয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যা ৭০-এ নিয়ে গেছেন তিনি। ফরাসি পরিসংখ্যান ভিত্তিক নেটওয়ার্ক ‘স্ট্যাটস ফুট’-এর তথ্য অনুযায়ী, আফ্রিকান ফুটবলারদের মধ্যে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এখন তৃতীয় স্থানে রয়েছেন লিভারপুলের এই তারকা।

তালিকার শীর্ষে রয়েছেন জাম্বিয়ার গডফ্রে চিতালু। তার গোলসংখ্যা ৭৯। ৭১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে মালাউইয়ের সাবেক ফুটবলার কিনাহ ফিরি। ৭০ গোল নিয়ে তৃতীয় স্থানে সালাহ।

এই তালিকায় নিজের স্বদেশি ও মিশরের সাবেক কোচ হোসাম হাসানকে ছাড়িয়ে গেছেন সালাহ। হাসানের গোলসংখ্যা ৬৯। এছাড়া আইভরি কোস্টের কিংবদন্তি দিদিয়ের দ্রগবার ৬৫ গোলের রেকর্ডও পেছনে ফেলেছেন তিনি।

মিশরীয় ফুটবলের জন্য এটি বিশেষ এক অর্জন। দীর্ঘদিন জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন হোসাম হাসান। এবার তাকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন সালাহ।

মিশরের দাপুটে জয়: মালাউইয়ের বিপক্ষে জয়ের ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করেছে মিশর। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মালাউই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। পঞ্চম মিনিটেই মোহাম্মদ সালাহর পাস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন মাহমুদ হাসান ত্রেজেগে। তবে তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। এর ঠিক এক মিনিট পরই এগিয়ে যায় মিশর। ষষ্ঠ মিনিটে নাসের মাহেরের গোলে লিড পায় ফারাওরা। ১০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওমর মারমুশ। শুরুতেই দুই গোল হজম করে চাপে পড়ে মালাউই। এরপর বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায় মিশর। তবে ২২ মিনিটে রিচার্ড এমবুলুর জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিশরীয় গোলরক্ষক মোস্তফা শোবেইর। ২৪ মিনিটে হলুদ কার্ড দেখেন হোসাম আবদেলমাগুইদ। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে নেওয়া নাসের মাহেরের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৩৮ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন মোহাম্মদ হানি। তাতে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

সালাহর জোড়া গোল: দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মিশর। মালাউই তেমন কোনো কার্যকর আক্রমণ গড়ে তুলতে পারেনি। বেশির ভাগ সময় খেলা সীমাবদ্ধ ছিল মাঝমাঠে। তবে ম্যাচের শেষ দিকে নিজের নামটাও স্কোরশিটে তুলে নেন সালাহ। ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় ইব্রাহিম আদেলের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান ৪-০ করেন তিনি। যোগ করা সময়ে আবারও গোলের দেখা পান মিশর অধিনায়ক। বার্সেলোনার ফরোয়ার্ড হামজা আবদেলকরিমের আদায় করা পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন সালাহ।

শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মিশর। একই সঙ্গে ২৩ বছর পর টানা দুই ম্যাচে পাঁচ বা তার বেশি গোল করার বিরল কীর্তিও গড়ে ফারাওরা। আর ব্যক্তিগত অর্জনে ৭০ গোলের মাইলফলক ছুঁয়ে আফ্রিকার সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন মোহাম্মদ সালাহ।

spot_imgspot_img
spot_img

Related Articles