বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজকে কোনোভাবেই হালকাভাবে নিতে চান না দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা। প্রতিপক্ষকে সমীহ করার পাশাপাশি নিজেদের সেরাটা দিয়ে মাঠে নামার প্রত্যয় জানিয়েছেন তিনি। রাবাদার মতে, আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, বরং নিজেদের খেলার মান সর্বোচ্চ পর্যায়ে ধরে রাখাই হবে বড় চ্যালেঞ্জ।
জোহানেসবার্গে শুক্রবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে নিজের ভাবনার কথা জানান প্রোটিয়া এই পেসার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের খেলার ধরন দেখে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার প্রত্যাশা করছেন তিনি।
রাবাদা বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো প্রতিপক্ষ কিংবা সিরিজকেই ছোট করে দেখার সুযোগ নেই। বাংলাদেশ নিজেদের প্রমাণ করতে চাইবে, আর দক্ষিণ আফ্রিকাও নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেখাতে প্রস্তুত।
বাংলাদেশের বিপক্ষে আত্মতুষ্টি চলে আসার সম্ভাবনাও উড়িয়ে দেননি এই পেসার। তবে এমন মানসিকতা থেকে সতর্ক থাকার ওপর জোর দিয়েছেন তিনি। ফলাফলের চেয়ে নিজেদের পরিকল্পনা ও খেলার ধরন বাস্তবায়নেই বেশি মনোযোগ দিতে চান তারা।
বাংলাদেশের টপ অর্ডার নিয়ে আলাদা করে উদ্বিগ্ন নন রাবাদা। প্রতিপক্ষের ব্যাটিং বিশ্লেষণ করে তাদের পরিকল্পনা অনুযায়ী মোকাবিলা করাই হবে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য।
বাংলাদেশের বিপক্ষে রাবাদার অতীত রেকর্ডও বেশ সমৃদ্ধ। ২০১৫ সালে মিরপুরে ওয়ানডে অভিষেকেই হ্যাটট্রিকসহ ছয় উইকেট নিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ১১ ওয়ানডেতে ২১টি এবং চার টেস্টে ২১টি উইকেট রয়েছে তার।


