জাপানের কাছে ৩-২ গোলে হারের পর ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্তের দাবি তুলেছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও। ইতালিয়ান এই কোচকে দ্রুত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী সাবেক এই স্ট্রাইকার।
রোমারিওর মতে, ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্য থাকলেও ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে এখনো নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেননি আনচেলত্তি।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জাপানের কাছে শেষ মুহূর্তের গোলে হারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের ২০ মিনিট পূর্ণ হওয়ার আগেই দুই গোলে পিছিয়ে পড়ে সেলেসাওরা। পরে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে সমতায় ফেরে দলটি। কিন্তু যোগ করা সময়ে তাতসুহিরো সাকামোতোর গোলে জয় নিশ্চিত করে জাপান।
ম্যাচের শেষ গোলটি নিয়ে বিতর্ক তৈরি হয় ব্রাজিলের ডাগআউটে। গোলের আগে প্রতিপক্ষের ফাউল হয়েছিল বলে দাবি করেন ব্রাজিলের খেলোয়াড় ও কর্মকর্তারা। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে উত্তেজিত হয়ে ওঠেন আনচেলত্তি ও বদলি হওয়া রাফিনিয়া। আচরণবিধি ভঙ্গের কারণে দুজনকেই লাল কার্ড দেখান ম্যাচ পরিচালনাকারী রেফারি।

এ ঘটনায় ক্ষুব্ধ রোমারিও ইনস্টাগ্রামে লেখেন, ‘আনচেলত্তি, অনেক হয়েছে! ব্যাগ গুছিয়ে বিদায় হন! আমরা আর এসব সহ্য করতে পারছি না।
আনচেলত্তির অতীত সাফল্যের প্রশংসা করলেও ব্রাজিলের দায়িত্বে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন রোমারিও। তিনি বলেন, ‘আপনার সাফল্য নিয়ে কারও প্রশ্ন নেই। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ আপনি। কিন্তু সেটি ছিল ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখনো আপনি কী করতে পারেন, তা দেখাতে পারেননি।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির জাউদের প্রতিও সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই তারকা। তাঁর মতে, জাতীয় দলের সম্মান নিয়ে কোনো ধরনের আপস করা উচিত নয়।
২০২৫ সালের মে মাসের শেষ দিকে ব্রাজিলের দায়িত্ব নেন আনচেলত্তি। এখন পর্যন্ত ২১ ম্যাচে তাঁর অধীনে ব্রাজিলের জয় ১২টি, ড্র চারটি এবং হার পাঁচটি। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় দলটি। জাপানের কাছে সাম্প্রতিক হার তাই আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।




