জোহানেসবার্গ টেস্ট শুরুর আগে ২ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ২০ রান দূরে ছিল মুশফিক-লিটন জুটি। আগের দিন শেষ বিকেলে ১৩ রান যোগ করে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন দুজন। বৃহস্পতিবার দ্বিতীয় ওভারেই কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যায় এই জুটি।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এর আগে আরও দুটি জুটি ২ হাজার রানের ঘর পেরিয়েছে। ৭০ ইনিংসে একসঙ্গে ব্যাটিং করে ২ হাজার ৮৬৩ রান করেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। অন্যদিকে, ইমরুল কায়েস ও তামিম ইকবাল ৫৮ ইনিংসে জুটি বেঁধে সংগ্রহ করেছেন ২ হাজার ৪৩৩ রান।
তবে ইনিংসের হিসাবে আগের দুই জুটিকে ছাড়িয়ে গেছেন মুশফিক-লিটন। মাত্র ৩৪ ইনিংসেই ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তারা। ২০১৭ সালে গলে যাত্রা শুরু করা এই জুটির রান সংগ্রহের গড় ৬০.৩৩।
তালিকার পরের অবস্থানে থাকা তামিম-ইমরুল জুটির ২ হাজার রান পূর্ণ করতে খেলতে হয়েছিল ৪০ ইনিংস। তাদের জুটির গড় ৪৩.৪৪। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ৩১২ রান যোগ করেন দুজন, যা এখনো টেস্টে বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।
অন্যদিকে, মুশফিক-সাকিব জুটির ২ হাজার রান পূর্ণ হয়েছিল ৪৬ ইনিংসে। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫৯ রানের ঐতিহাসিক জুটি গড়ার পথে এই মাইলফলক স্পর্শ করেন তারা। বাংলাদেশের টেস্ট ইতিহাসে যেকোনো উইকেটে সেটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রানের জুটি।




