২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশ ও ভারত। আসরটির গ্রুপ পর্বের ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া অনেকটাই নিশ্চিত। তবে এবার শুধু গ্রুপ পর্ব নয়, অন্তত একটি সেমিফাইনালও দেশের মাটিতে আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তাঁর আশা, আইসিসিকে রাজি করাতে পারলে ২০৩১ বিশ্বকাপের শেষ চারের একটি ম্যাচ আয়োজনের সুযোগ পাবে বাংলাদেশ।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ পরিকল্পনার কথা জানান তামিম। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতকে যৌথ আয়োজক হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তটি আগেই নেওয়া হয়েছে। এতে বর্তমান বোর্ডের কোনো ভূমিকা নেই। তবে বিশ্বকাপে নতুন কিছু অর্জনের চেষ্টা করছে তাঁর বোর্ড।
তামিম বলেন, ‘আইসিসির সঙ্গে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলছি। তাদের বোঝানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস, আমরা সফল হব। লক্ষ্য হলো—অন্তত একটি সেমিফাইনাল যেন বাংলাদেশে আয়োজন করা যায়। বিষয়টি নিয়ে আমি বেশ আশাবাদী।’
আলোচনার অগ্রগতি নিয়েও আশাবাদী বিসিবি সভাপতি। তাঁর মতে, গ্রুপ পর্বের ম্যাচের পাশাপাশি আগের আসরের তুলনায় বাংলাদেশে ম্যাচের সংখ্যাও বাড়তে পারে। একটি সেমিফাইনাল আয়োজনের সুযোগ পেলে তা হবে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন।
উল্লেখ্য, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। সেবার বাংলাদেশে গ্রুপ পর্বের পাশাপাশি দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হলেও সেমিফাইনাল আয়োজনের সুযোগ পায়নি দেশটি।
২০৩১ সালের ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বকাপে এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ।


