দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর একাদশ নির্বাচন নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশ দল। বিশেষ করে অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে বাইরে রেখে চার পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এবার সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত জানান, কন্ডিশন বিবেচনায় চার পেসার নিয়েই ২০ উইকেট তুলে নেওয়া সম্ভব বলে মনে হয়েছিল টিম ম্যানেজমেন্টের। তাঁর মতে, ম্যাচের আগে এটিই ছিল সেরা একাদশ। তবে পরিকল্পনা অনুযায়ী বোলাররা পারফর্ম করতে পারেননি। পাশাপাশি জাকের আলী অনিকও নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি বলে স্বীকার করেন অধিনায়ক। ভবিষ্যতে পাঁচ বোলার নিয়ে কীভাবে আরও কার্যকর পরিকল্পনা করা যায়, সেটিও বিবেচনায় নেওয়ার কথা জানান তিনি।
ব্যাটিং ব্যর্থতা নিয়েও কথা বলেছেন শান্ত। তাঁর মতে, কঠিন কন্ডিশনে ৫০ রানের বেশি উদ্বোধনী জুটি পাওয়াটা ইতিবাচক হলেও সেটিকে বড় ইনিংসে রূপ দেওয়ার দায়িত্ব ব্যাটারদের নিতে হবে। ৩০-৫০ রান করে থেমে না থেকে সেটিকে শতক কিংবা দেড়শ রানে নিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে।
পেসারদের ফর্ম নিয়েও ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক। টানা ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলার কারণে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ প্রয়োজন বলে মনে করেন তিনি। খেলোয়াড়দের বড় পুল তৈরি করে গুরুত্বপূর্ণ সিরিজের আগে বিশ্রাম এবং প্রস্তুতির সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন শান্ত।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের পার্থক্য তুলে ধরে শান্ত বলেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-কোনো বিভাগেই দল ভালো করতে পারেনি। বিশেষ করে কঠিন কন্ডিশনে ক্যাচ ধরাসহ প্রত্যেক ক্রিকেটারকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সামগ্রিক উন্নতির মাধ্যমেই দলকে ঘুরে দাঁড়াতে হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।




