বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পাঁচ মাসের মাথায় নতুন দায়িত্ব পেলেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসর সামনে রেখে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে লাহোর কালান্দার্স।
২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন টেইট। বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে পারিবারিক কারণে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়েন তিনি।
লাহোর কালান্দার্সের সঙ্গে অবশ্য টেইটের সম্পর্ক নতুন নয়। গায়ানায় অনুষ্ঠিত সর্বশেষ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দলটির সঙ্গে কাজ করেছিলেন তিনি। সেখানে তার কোচিং পদ্ধতি,
খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ এবং বিশেষ করে পেসারদের কাছ থেকে সেরাটা বের করে আনার দক্ষতায় মুগ্ধ হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার তাকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার হয়ে ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন টেইট। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। পিএসএলের বিভিন্ন দলের পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন এই সাবেক পেসার। শাহিন শাহ আফ্রিদিসহ পাকিস্তানের বেশ কয়েকজন পেসারকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টেইট বলেন, লাহোর কালান্দার্সের মূল্যবোধ ও দলীয় সংস্কৃতির সঙ্গে তার চিন্তাভাবনার মিল রয়েছে। পাকিস্তানের খেলোয়াড় ও কন্ডিশন সম্পর্কে আগে থেকেই ধারণা থাকায় নতুন দায়িত্বে সুবিধা হবে বলেও জানান তিনি।




