বদলে যাচ্ছে মেসিদের লিগের ফরম্যাট

বদলে যাচ্ছে মেসিদের লিগের ফরম্যাট! যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগ মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ কাঠামোয় আসছে বড় পরিবর্তন। ২০২৭-২৮ মৌসুম থেকে নতুন নিয়মে অনুষ্ঠিত হবে লিগটির শিরোপা নির্ধারণী পর্ব। নতুন পরিকল্পনায় কমছে প্লে-অফে অংশ নেওয়া দলের সংখ্যা, পাশাপাশি বাদ পড়ছে ওয়াইল্ড-কার্ড পর্বও।

ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন ফরম্যাটে প্লে-অফে খেলবে ১৬টি দল। বর্তমানে ১৮টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। এ ছাড়া প্রথম রাউন্ডের আগে অনুষ্ঠিত ওয়াইল্ড-কার্ড ম্যাচও আর থাকছে না।

পরিবর্তিত কাঠামোয় প্লে-অফের প্রথম দুই রাউন্ড অনুষ্ঠিত হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। অর্থাৎ প্রতিটি দল নিজেদের মাঠে ও প্রতিপক্ষের মাঠে একটি করে ম্যাচ খেলবে। তবে সেমিফাইনাল এবং এমএলএস কাপ ফাইনাল হবে এক ম্যাচের নকআউট পদ্ধতিতে।

দুই লেগের লড়াইয়ে মোট গোলের ব্যবধান সমান থাকলে কার্যকর হবে না অ্যাওয়ে গোলের নিয়ম কিংবা লিগে অবস্থান অনুযায়ী এগিয়ে থাকার সুবিধা। সে ক্ষেত্রে সরাসরি অতিরিক্ত সময় খেলা হবে। তাতেও সমতা না ভাঙলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী দল।

মেসিকে ঘিরে এমএলএসের নতুন সূচি

আন্তর্জাতিক ফুটবলের গ্রীষ্ম থেকে বসন্ত মৌসুমের সূচির সঙ্গে সামঞ্জস্য আনতেই মূলত ক্যালেন্ডারে পরিবর্তন করছে এমএলএস। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৭ সালের বসন্তে আয়োজন করা হবে ১৪ ম্যাচের সংক্ষিপ্ত ‘স্প্রিন্ট সিজন’। মে মাসে শেষ হবে ১৬ দলের এক ম্যাচের নকআউট প্লে-অফের মধ্য দিয়ে। এরপর ২০২৭ সালের জুলাই থেকে কার্যকর হবে নতুন প্লে-অফ কাঠামো।

নতুন নিয়মে প্লে-অফে মোট ২৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রতিটি দল অন্তত একটি করে হোম ম্যাচ খেলার সুযোগ পাবে। এতে ক্লাবগুলোর মাঠে দর্শক উপস্থিতি ও হোম ম্যাচের আর্থিক গুরুত্ব ধরে রাখার সুযোগ তৈরি হবে।

এর আগে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের আদলে ২০ দলের ডাবল-এলিমিনেশন পদ্ধতি চালুর বিষয়টিও বিবেচনা করেছিল এমএলএস কর্তৃপক্ষ। তবে ক্লাব মালিকদের কাছে সেটি অতিরিক্ত জটিল মনে হওয়ায় শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করা হয়।

নতুন ফরম্যাটের মূল লক্ষ্য নিয়মিত মৌসুমের প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়ানো এবং প্লে-অফকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলা। একই সঙ্গে ঘরের মাঠে ম্যাচের সংখ্যা ও দর্শকদের আগ্রহ ধরে রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

এদিকে এমএলএসে অবনমন ব্যবস্থা না থাকা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছেন লিগের দুই পরিচিত তারকা টমাস মুলার ও সন হিউং-মিন। জার্মান বিশ্বকাপজয়ী মুলার কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এমএলএসে অবনমন না থাকায় দলগুলোর ওপর চাপ তুলনামূলক কম। কোনো দল খারাপ করলে তারা নতুন করে দল সাজানোর পরিকল্পনা করতে পারে। কিন্তু ইউরোপে অবনমনের আশঙ্কা থাকায় ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ভিন্ন মাত্রার চাপ ও আবেগ কাজ করে।

ইউরোপের ফুটবলের সঙ্গে এমএলএসের পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে মুলার আরও বলেন, ইউরোপে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলগুলো টিকে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এমএলএসে সেই চাপ না থাকায় দলগুলো কখনো কখনো রক্ষণে কিছুটা নির্ভার থাকে। তবে এর ফলে আক্রমণাত্মক ও উন্মুক্ত ফুটবল দেখার সুযোগও তৈরি হয়।

spot_imgspot_img
spot_img

Related Articles