তারকা ফুটবলার থেকে কারাদণ্ড, বিপাকে স্টার্লিং

একসময় ইংল্যান্ড ফুটবলের অন্যতম জনপ্রিয় ও সফল তারকা ছিলেন রহিম স্টার্লিং। লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি ও আর্সেনালের মতো বড় ক্লাবে খেলেছেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়েও দীর্ঘ ১০ বছর মাঠ মাতিয়েছেন তিনি। চারবার জিতেছেন প্রিমিয়ার লিগের শিরোপা। তবে এবার মাঠের বাইরের ঘটনায় বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড।

বিপজ্জনকভাবে গাড়ি চালানোর দায়ে স্টার্লিংকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এই সাজা ১৮ মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি দুই বছরের জন্য তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া ১০০ ঘণ্টা বিনা পারিশ্রমিকে সামাজিক কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ মে একটি মোটরওয়েতে ল্যাম্বরগিনি গাড়ি চালানোর সময় দুর্ঘটনার শিকার হন স্টার্লিং। দুর্ঘটনায় গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। এমনকি চারটি চাকাও ক্ষতিগ্রস্ত হওয়ায় গাড়িটি আর চালানোর উপযোগী ছিল না।

গত সেপ্টেম্বরে আদালতে শুনানির সময় বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। এ ছাড়া অপব্যবহারের উদ্দেশ্যে নাইট্রাস অক্সাইড রাখার এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগও স্বীকার করেন তিনি।

স্টার্লিংয়ের ফুটবল ক্যারিয়ার একসময় ছিল সাফল্যে ভরা। লিভারপুলের হয়ে পেশাদার ফুটবলে পরিচিতি পাওয়ার পর ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি। পরে ২০২২ সালে ৫ কোটি পাউন্ডের বিনিময়ে চেলসিতে নাম লেখান। সে সময় চেলসির কোচ থমাস টুখেল তাঁকে দলের তরুণ খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ আদর্শ হিসেবে উল্লেখ করেছিলেন।

ক্যারিয়ারের সেরা সময়ে চেলসিতে প্রতি সপ্তাহে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড বেতন পেতেন স্টার্লিং। ইংল্যান্ডের হয়ে প্রায় এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। প্রিমিয়ার লিগে ৩৯৬ ম্যাচে ১২৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৫টি গোল।

তবে মাঠের সাফল্যের বাইরে এবার আইনি শাস্তির কারণে আলোচনায় এসেছেন এই ফুটবলার। ৩১ বছর বয়সে এসে এমন ঘটনায় তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

spot_imgspot_img
spot_img

Related Articles