প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সফরটি ঘিরে শুরুতে একাধিক সংস্করণের সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজেই সীমাবদ্ধ থাকছে দুই দলের লড়াই। পারস্পরিক আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ও আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ড।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির কথা বিবেচনায় রেখেই সফরের সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে আয়ারল্যান্ডের পাকিস্তান সফরের সূচি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সফরে পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিনটি এবং পাকিস্তানের জাতীয় দলের বিপক্ষে আরও তিনটি ওয়ানডে খেলবে আইরিশরা।
সূচি অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি পাকিস্তানে পৌঁছাবে আয়ারল্যান্ড দল। এরপর ১৩, ১৫ ও ১৭ জানুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে তারা।
পাকিস্তানের জাতীয় দলের বিপক্ষে মূল সিরিজ শুরু হবে ২০ জানুয়ারি। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জানুয়ারি। সফরের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তবে ম্যাচ শুরুর নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান। অন্যদিকে, বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় অনুষ্ঠেয়
বাছাইপর্বে লড়বে আয়ারল্যান্ড। গুরুত্বপূর্ণ এই দুই প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবেই ওয়ানডে ক্রিকেটকে অগ্রাধিকার দিচ্ছে দল দুটি।




