উইলিয়ামসনের নতুন অধ্যায় শুরু

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পাঁচ মাস পর নতুন পরিচয়ে ক্রিকেটে ফিরছেন কেন উইলিয়ামসন। এবার ব্যাট হাতে নয়, ডাগআউটে দাঁড়িয়ে দলকে পথ দেখাবেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির দল ডারবানস সুপার জায়ান্টসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

বুধবার উইলিয়ামসনের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রধান কোচ হিসেবে এটিই তার প্রথম দায়িত্ব। ডারবানসে ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হবেন ৩৬ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। পাশাপাশি কাজ করবেন দলটির ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে।

ডারবানসের সঙ্গে অবশ্য উইলিয়ামসনের সম্পর্ক নতুন নয়। গত দুই মৌসুমে দলটির হয়ে খেলেছেন তিনি। ১৫ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৩৪৩ রান। এবার সেই পরিচিত ড্রেসিংরুমেই ফিরছেন ভিন্ন ভূমিকায়।

খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে উইলিয়ামসনের। তার নেতৃত্বেই ২০২১ সালে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে নিউ জিল্যান্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও দলকে নেতৃত্ব দেন তিনি। সেবার টুর্নামেন্টসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

কোচিংয়ে এর আগে বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন উইলিয়ামসন। গত আইপিএলের আগে লখনৌ সুপার জায়ান্টসের স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন।

নতুন দায়িত্বে উইলিয়ামসনের সামনে বড় চ্যালেঞ্জ দলকে সাফল্যের ধারায় ফেরানো। ২০২৪ সালে এসএ টোয়েন্টির ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি ডারবানস। গত আসরে মাত্র তিন জয় নিয়ে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে তারা।

আগামী ১৯ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রধান কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করবেন উইলিয়ামসন।

spot_imgspot_img
spot_img

Related Articles