অস্ট্রেলিয়ানদের কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান স্টোকসের

প্রায় আট বছর আগের বল টেম্পারিং কাণ্ড নিয়ে আবারও উত্তপ্ত অস্ট্রেলিয়ার ক্রিকেট। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পাল্টাপাল্টি বক্তব্যে নতুন করে সামনে এসেছে ‘স্যান্ডপেপারগেট’ বিতর্ক। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে একে অপরকে দোষারোপ না করে বিরোধের ইতি টানার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির ঘটনায় জড়িয়ে পড়েন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্যামেরন বেনক্রফট, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ওই ঘটনায় তিনজনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়। সম্প্রতি নিজের আত্মজীবনীতে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাওয়াজা দাবি করেন, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন। তার এই মন্তব্যের পর নতুন করে শুরু হয় বিতর্ক।

খাওয়াজার অভিযোগের বিরোধিতা করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সসহ কয়েকজন ক্রিকেটার। গত কয়েক সপ্তাহ ধরে চলছে পাল্টাপাল্টি বক্তব্য ও দোষারোপ।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্টোকস বুধবার নিজের পডকাস্ট ‘দ্যাটস নট ক্রিকেট’-এ বলেন, এই বিরোধের প্রভাব এমন মানুষদের ওপরও পড়ছে, যাদের কোনোভাবেই এর ভুক্তভোগী হওয়া উচিত নয়।

তার মতে, সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তাদের পাশাপাশি তাদের পরিবার ও বন্ধুদের কথা বিবেচনা করে এখন এই বিতর্ক থামানো উচিত।

নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন স্টোকস। সংবাদমাধ্যমে কোনো ঘটনা নিয়ে অতিরিক্ত আলোচনা হলে তার প্রভাব কীভাবে সংশ্লিষ্টদের কাছের মানুষদের ওপর পড়ে, তা নিজেও দেখেছেন বলে জানান তিনি।

স্টোকস মনে করেন, বল টেম্পারিংয়ের ঘটনায় তৎকালীন ক্রিকেট অস্ট্রেলিয়ার দায়িত্বশীল ব্যক্তিদেরও জবাবদিহি করতে হবে। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও প্রকৃত সত্য সামনে আসা কঠিন বলে মনে করছেন তিনি।

spot_imgspot_img
spot_img

Related Articles