পাকিস্তানের বিপক্ষে আরেকটি হারে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হলো বাংলাদেশ ‘এ’ দলের। ওমানের ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান ‘এ’ দল। এর মধ্য দিয়ে গত আসরের ফাইনালের পর এবারও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে।
বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য পাকিস্তান পেরিয়ে যায় ২৮ বল হাতে রেখেই। দলটির জয়ে বড় অবদান রাখেন হাসান নাওয়াজ, শাহজাইব খান, আব্দুল সামাদ ও ফারহান ইউসুফ। নাওয়াজ ও শাহজাইবের শতরানের জুটির পর সামাদ ও ইউসুফের কার্যকর ব্যাটিংয়ে সহজ হয়ে যায় পাকিস্তানের জয়।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি তাদের। আলি রাজার পেসে দ্রুত বিদায় নেন দুই ওপেনার অধিনায়ক সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। এরপর তৃতীয় উইকেটে শাহাদাত হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন ৯৫ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন। তবে জুটিটি গড়তে তারা খরচ করেন ১৩৭ বল, ফলে রান তোলার গতি ছিল বেশ ধীর।
অঙ্কন ৪২ রান করে ফিরলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। পরের ওভারে তিন বলের ব্যবধানে আফিফ হোসেন ও সাব্বির রহমানের বিদায়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। পরে এসএম মেহেরব হাসানকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন শাহাদাত। তবে ৪০তম ওভারে হাসান নাওয়াজের জোড়া আঘাতে আবারও ধাক্কা খায় বাংলাদেশ।
শেষ দিকে রিপন মন্ডলকে সঙ্গে নিয়ে দারুণভাবে ইনিংস শেষ করেন শাহাদাত। নবম উইকেটে মাত্র ২৫ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন শাহাদাত। ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে ১১ বলে ১৯ রান করেন রিপন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সুফিয়ান মকিম। আলি রাজা ও হাসান নাওয়াজ পান দুটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা আশা দেখিয়েছিলেন রিপন মন্ডল। চতুর্থ ওভারে চার বলের মধ্যে মাজ সাদাকাত ও শামিল হুসাইনকে ফিরিয়ে দেন তিনি। কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান।
তৃতীয় উইকেটে হাসান নাওয়াজ ও শাহজাইব খান ১১০ রানের জুটি গড়ে জয়ের ভিত তৈরি করেন। ৬২ রান করে নাওয়াজ ফিরলেও শাহজাইব করেন ৫০ রান। তাদের বিদায়ের পর আব্দুল সামাদ ও ফারহান ইউসুফের ৫৬ বলে ৭৪ রানের জুটি বাংলাদেশের জয়ের শেষ আশাটুকুও শেষ করে দেয়।
শেষ পর্যন্ত ৩৩ বলে ৪৪ রান করে সামাদ এবং ৩৮ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন ইউসুফ। ফলে ৪৫.২ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান ‘এ’ দল।
উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত একই টুর্নামেন্টের ফাইনালেও পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। সেবার সুপার ওভারে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। এবার সেমি-ফাইনাল থেকেই বিদায় নিতে হলো টাইগারদের। প্রথম সেমি-ফাইনালে জয়ী শ্রীলঙ্কা এরই মধ্যে ফাইনালে উঠেছে। রোববার শিরোপার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।
সংক্ষিপ্ত স্কোর
- বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২৩২/৮
- পাকিস্তান ‘এ’: ৪৫.২ ওভারে ২৩৩/৫
- ফল: পাকিস্তান ‘এ’ ৫ উইকেটে জয়ী।
- ম্যান অব দ্য ম্যাচ: হাসান নাওয়াজ।




