বাংলাদেশের ড্রেসিংরুমে হাথুরুসিংহের মতো কোচ চান সুজন

বাংলাদেশ ক্রিকেটে কোচ বদলের ঘটনা নতুন নয়। দলের ফলাফল আশানুরূপ না হলে কোচের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে, শুরু হয় পরিবর্তনের আলোচনা। সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে না পারায় বর্তমান প্রধান কোচ ফিল সিমন্সকে নিয়েও চলছে নানা গুঞ্জন। তবে কোচ পরিবর্তন করলেই দলের চিত্র বদলে যাবে, এমন ধারণার সঙ্গে একমত নন খালেদ মাহমুদ সুজন। তার মতে, দলের ব্যর্থতার দায় শুধু কোচের নয়, খেলোয়াড়দেরও নিজেদের দায়িত্ব নিতে হবে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিমন্সকে সরিয়ে দেওয়ার আলোচনা প্রসঙ্গে সুজন বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরেই কোচ পরিবর্তনের প্রবণতা রয়েছে। কিন্তু নতুন কোচ এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন ভাবনা ঠিক নয়। বরং খেলোয়াড়দের দায়িত্বশীল হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।

সুজনের ভাষায়, ‘বাংলাদেশের কোচ তো অনেক বছর ধরেই বদলাচ্ছে। এখন আরেকজন কোচ বদলালেই যে সব পরিবর্তন হয়ে যাবে, সেটা চিন্তা করাও ভুল। আমরা তো নতুন আশা করি, তবে আমাদের এই চিন্তাধারা থেকে বের হতে হবে যে, কোচই সব ঠিক করে দেবে। এখন খেলোয়াড়দের দায়িত্ব নেওয়াটাই বড় ব্যাপার বলে আমি মনে করি।’

জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের আর তরুণ বলে বিবেচনা করার সুযোগ নেই বলেও মনে করেন সাবেক এই অধিনায়ক। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলার পর এখন নিজেদের পারফরম্যান্সের দায়ভার নেওয়া উচিত খেলোয়াড়দের। সবাই রান করতে চাইলেও দলের সমস্যাগুলো চিহ্নিত করে সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে বলে মন্তব্য করেন তিনি।

খেলোয়াড়দের অনুশীলন, সুযোগ-সুবিধা ও কোচিং স্টাফের অভাব না থাকার পরও পারফরম্যান্সে কেন ঘাটতি দেখা যাচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন সুজন। তার মতে, সমস্যার কারণ এবং সমাধান খুঁজতে হবে দলের ভেতর থেকেই। আগামী সিরিজের প্রস্তুতিতে নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠার দায়িত্বও ক্রিকেটারদের নিতে হবে।

কোচের ধরন নিয়েও নিজের মতামত জানিয়েছেন সুজন। ফিল সিমন্স শান্ত স্বভাবের কোচ হলেও কঠোর মনোভাবের কোচিং দর্শনকে সমর্থন করেন তিনি। তার মতে, কোচের কঠোরতা সবসময় নেতিবাচক নয়; পরিস্থিতি অনুযায়ী সেটি দলের জন্য কার্যকর হতে পারে।

বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রসঙ্গে সুজন বলেন, ‘সবাই তাকে কড়া হেডমাস্টার বলছে। অনেক রকম টাইটেল তাকে দিয়েছে। তবে আমি মনে করি, তার মতো কোচই বাংলাদেশের জন্য প্রয়োজন। এটা আমার মত। আমি তাকে খুব কাছ থেকেই কাজ করতে দেখেছি। এমন একজনকে আমাদের ড্রেসিংরুমে দরকার।’

spot_imgspot_img
spot_img

Related Articles