বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক

দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে নির্ভরতার প্রতীক হয়ে থাকা মুশফিকুর রহিম এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ইতি টানবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এর মধ্য দিয়ে শেষ হবে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের বর্ণাঢ্য অধ্যায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে শেষ টেস্ট খেলেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। জাতীয় দলের সঙ্গে সেটিই ছিল মুশফিকের শেষ সফর। দেশে ফিরে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের খবর জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজকেই বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। প্রায় ২২ বছর পর একই প্রতিপক্ষের বিপক্ষে শেষ হবে তাঁর দীর্ঘ টেস্টযাত্রা। আগামী বছরের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলার সুযোগ থাকলেও তার আগেই থামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে মুশফিকের অর্জন ঈর্ষণীয়। ১০৮ টেস্টে ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তাঁর রান ৭ হাজার ৬২। দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট ম্যাচ ও সর্বোচ্চ রানের মালিক তিনি। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরিও তাঁর। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। পরে আরও দুবার এই কীর্তি গড়েন। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে গড়েছেন বিশ্ব রেকর্ডও।

নেতৃত্বেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অর্জন। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সাতটি জয় এনে দেন তিনি। তাঁর অধিনায়কত্বেই ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয় পায় বাংলাদেশ। পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ঐতিহাসিক জয় আসে তাঁর নেতৃত্বে। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টেও অধিনায়ক ছিলেন মুশফিক।

লর্ডসে হাবিবুল বাশারের নেতৃত্বে শুরু হয়েছিল তাঁর টেস্টযাত্রা। দীর্ঘ এই পথচলায় আরও আটজন অধিনায়কের অধীনে খেলেছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেই থামবে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এই ব্যাটসম্যানের পথচলা।

spot_imgspot_img
spot_img

Related Articles