তেভেজের বিদায়ী ম্যাচে মেসি, অপেক্ষা রোনালদোর!

ফুটবল বিশ্বে আবারও মেসি-রোনালদো দ্বৈরথের সম্ভাবনা! তবে এবার কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট নয়, আর্জেন্টাইন ফুটবল তারকা কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরেই তৈরি হয়েছে এই উত্তেজনা। ম্যাচে খেলতে সম্মতি দিয়েছেন লিওনেল মেসি। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। রোনালদোর অংশ গ্রহণের জন্য অপেক্ষা একটু বাড়ছে, আশা করা যায় রোনালদোও সম্মতি দিবেন।

আগামী ২০ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক স্টেডিয়াম লা বোম্বোনেরায় অনুষ্ঠিত হওয়ার কথা তেভেজের বিদায়ী ম্যাচ। যেখানে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করতে পারে বিশ্ব ফুটবলের একাধিক কিংবদন্তির মিলনমেলা। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আয়োজকেরা মেসির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তাঁরা লিখেছেন, ‘অ্যাপাচির শেষ নৃত্যে বিশ্বের সেরা ফুটবলারকে স্বাগত জানানো সত্যিই সম্মানের।’

মেসির উপস্থিতি নিশ্চিত হওয়ার পর ম্যাচটি ঘিরে বাড়ছে দর্শকদের আগ্রহ। কারণ, এই আয়োজন শুধু একজন ফুটবলারের বিদায় নয়, বরং ফুটবলের এক স্বর্ণালি সময়ের তারকাদের আবার একসঙ্গে দেখার সুযোগ। এই ম্যাচে মেসি ছাড়াও অংশ নেওয়ার কথা রয়েছে রিও ফার্ডিনান্ড, সার্জিও আগুয়েরো, লিয়ান্দ্রো পারেদেস, জিয়ানলুইজি বুফন এবং মার্টিন পালের্মোর মতো তারকাদের। তবে এখনো সবচেয়ে বড় প্রশ্ন, ক্রিশ্চিয়ানো রোনালদো কি মাঠে নামবেন?

তেভেজের এই বিশেষ আয়োজনে রোনালদোর অংশগ্রহণ নিশ্চিত হলে, ফুটবলপ্রেমীদের জন্য তা হবে বাড়তি আকর্ষণ। মেসি ও রোনালদোকে একই মাঠে দেখার সুযোগ যে এখন খুব একটা আসে না। সর্বশেষ ২০২০ সালে বার্সেলোনা ও জুভেন্টাসের জার্সিতে মুখোমুখি হয়েছিলেন মেসি ও রোনালদো। এরপর ২০২৩ সালে পিএসজি ও রিয়াদ সিজন একাদশের প্রদর্শনী ম্যাচে আবারও একই মাঠে দেখা যায় দুই মহাতারকাকে। সেই স্মৃতির পর নতুন করে তাঁদের একসঙ্গে দেখার সম্ভাবনা তৈরি হওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা।

‘অ্যাপাচি’ নামে পরিচিত কার্লোস তেভেজ ২০২২ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান। ৪২ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড তাঁর বর্ণাঢ়্য ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো ইউরোপের বড় ক্লাবে খেলেছেন। ক্যারিয়ারের শেষটা করেন শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে। গত বছরই নিজের বিদায়ী ম্যাচে মেসি ও রোনালদোকে প্রতিপক্ষ হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন তেভেজ। সেই স্বপ্নের আয়োজন এখন বাস্তবের পথে। মেসির সম্মতি মিলেছে, অপেক্ষা শুধু রোনালদোর।

২০ ডিসেম্বর লা বোম্বোনেরায় শেষ পর্যন্ত কি দেখা যাবে ফুটবলের দুই মহাতারকাকে? সেই উত্তর জানতে অপেক্ষায় থাকতে হবে ফুটবলবিশ্বকে।

spot_imgspot_img
spot_img

Related Articles