নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিতে অফস্পিনার নাথান লিয়নকে পরামর্শ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি ইঙ্গিত দিয়েছেন, লিয়ন ক্যারিয়ার চালিয়ে গেলে ভারত সফরের দলে তাঁর জায়গা প্রায় নিশ্চিত।
১৪৫ টেস্টে ৫৭৭ উইকেট নেওয়া লিয়ন দল থেকে বাদ পড়ার খবরটি হজম করতে কয়েকটা দিন সময় নিচ্ছেন। তাঁর জায়গায় দলে ডাকা হয়েছে কোরি রচিচিওলিকে। বেইলি স্বীকার করেছেন, লিয়নের সঙ্গে বাদ পড়ার বিষয়টি নিয়ে কথা বলা কঠিন ছিল। সেই আলোচনায় ভবিষ্যৎ নিয়ে কথাবার্তার চেয়ে বাদ পড়ার তাৎক্ষণিক আবেগই বেশি প্রাধান্য পেয়েছে।
তবে লিয়নের ভবিষ্যৎ যা-ই হোক, নির্বাচকদের এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার স্পিন বিভাগে ১৩ বছর পর প্রথম বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
শনিবার বেইলি বলেন, ‘কঠিন একটি আলোচনা ছিল। নির্বাচক প্যানেলের পক্ষ থেকে ওই আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল, আমরা আশা করি এটা তাঁর শেষ নয়। ভবিষ্যতের কথা বিবেচনা করলে ভারত সফরে তাঁর এখনও অনেক মূল্য রয়েছে বলে আমরা মনে করি। সেখানে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ হতে পারে।’

ভারত সফরে লিয়নের জায়গা নিশ্চিত না হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে বেইলি বলেন, ‘ভারতে তাঁর রেকর্ড, অভিজ্ঞতা, জ্ঞান এবং সেখানে সফর কতটা কঠিন, সেই বিবেচনায় পাঁচটি টেস্টের সিরিজে তাঁকে বাদ দেওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না।’
২০১১ সালে অভিষেক সিরিজের পর এই প্রথম কোনো টেস্ট স্কোয়াডে জায়গা পাননি লিয়ন। তবে গত বছরের মাঝামাঝি থেকেই একাদশে তাঁর জায়গা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। জ্যামাইকায় দিবা-রাত্রির টেস্টে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। এরপর অ্যাশেজের সময় গাবায়ও তাঁকে একাদশের বাইরে রাখা হয়। শেষ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন লিয়ন।
উল্লেখযোগ্যভাবে, ২০১৩ সালের পর প্রথমবার সম্প্রতি কোনো টেস্টে তাঁকে বাদ রেখেই খেলেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার ঘকেবেরহায় দলটি অল-পেস আক্রমণ নিয়ে মাঠে নামে। গত মৌসুমে অ্যাডিলেডে গুরুতর হ্যামস্ট্রিং চোট থেকে ফেরার পর লিয়ন ১০ উইকেট নিয়েছেন ৪১.২০ গড়ে। ডারউইনে মেহেদী হাসান, কেপটাউনে সাইমন হারমার এবং গত সপ্তাহে সিডনিতে শেফিল্ড শিল্ড ম্যাচে তাঁর সাবেক সতীর্থ মিচেল সুইপসনের কাছে বোলিংয়ে পিছিয়ে ছিলেন তিনি।
বেইলি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, সাম্প্রতিক কয়েকটি ম্যাচে সে আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রভাব রাখতে পারেনি।’
ভারত সফরে লিয়নের সুযোগ থাকার বিষয়টি স্পষ্ট করলেও বেইলি জানান, গত সপ্তাহে তাঁদের তাৎক্ষণিক আলোচনায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা হয়নি। সিডনিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী শেফিল্ড শিল্ড ম্যাচে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলতে পারেন লিয়ন। তবে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ম্যাচটি না খেললে ভারত সফরের আগে আর কোনো ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলার সুযোগ থাকবে না তাঁর। এরপর মৌসুম চলে যাবে বিগ ব্যাশ লিগে।
বেইলি বলেন, ‘নাথানের সঙ্গে আমরা খুব বেশি দূরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারিনি। এমন কথোপকথনে এটা অস্বাভাবিক নয়। এই টেস্ট দলে সে নেই—এটা শোনার পর প্রথমে একজন খেলোয়াড় সেটাই অনুভব করেন। আমাদের অন্য বার্তা ছিল, এই সিদ্ধান্তের ভিত্তিতে যেন সে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেয়, কিছুটা সময় নেয়। আশা করি, সে সময় নেবে এবং পরে আমরা আবার এ নিয়ে কথা বলব।’
২০১৩ সালের অ্যাশেজে দলে ফেরার পর ২০২৩ সালে লর্ডসে কাফ ইনজুরিতে পড়া পর্যন্ত টানা ১০০ টেস্ট খেলেছিলেন লিয়ন। বিশেষ করে এমন সব কন্ডিশনে, যেখানে একজন স্পিনারই যথেষ্ট ছিল, সেখানে তাঁকে নিয়ে নির্বাচকদের খুব বেশি ভাবতে হয়নি।
তবে কোরি রচিচিওলিই এখন অস্ট্রেলিয়ার নতুন প্রধান স্পিনার হওয়ার সুযোগ পাচ্ছেন। বেইলি জানিয়েছেন, স্পিন বিভাগে এখন আরও বেশি বিকল্প ও নমনীয়তা রয়েছে। দক্ষিণ আফ্রিকায় ম্যাথিউ কুনেম্যান একাদশে খেলার কাছাকাছি ছিলেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। কেপটাউনে লিয়নের অন্তর্ভুক্তি ছিল বেশ শেষ মুহূর্তের সিদ্ধান্ত।
কুনেম্যান ও টড মারফির মতো কেন্দ্রীয় চুক্তিতে থাকা স্পিনারদের পেছনে ফেলে দলে জায়গা পেয়েছেন রচিচিওলি। বেইলির ব্যাখ্যা, ঘরের মাঠের কন্ডিশনে তাঁকে বেশি উপযোগী মনে হয়েছে।
বেইলি বলেন, ‘আমাদের স্পিন বোলিংয়ের গভীরতা আছে। ক্যারিয়ারের বড় একটা সময় নাথানকে আমরা নির্ভরযোগ্য স্পিনার হিসেবে পেয়েছি। এখন কন্ডিশন, ভেন্যু ও প্রতিপক্ষের ওপর নির্ভর করে বেশ কয়েকজন স্পিনার দায়িত্ব নিতে পারে। রচিচিওলি সুযোগ পাচ্ছে। তবে টড মারফি, ম্যাট কুনেম্যান ও মিচ সুইপসনও আছে। স্পিন বিভাগে আমাদের বেশ ভালো বিকল্প রয়েছে। গাজ (লিয়ন) অসাধারণ ক্যারিয়ার গড়ে তোলার সময় তারা আড়ালে কঠোর পরিশ্রম করেছে।’
মৌসুমের প্রথম শেফিল্ড শিল্ড ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের উইকেটে স্পিন ধরেছিল। নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ম্যাচে সুইপসন ১১ উইকেট নেওয়ায় জানুয়ারির শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্পিনার খেলানোর কথা ভাবতে পারে। তবে দুই অফস্পিনার একসঙ্গে খেলানোর সম্ভাবনা কম। ফলে সেই পথ ধরে লিয়নের দলে ফেরার সম্ভাবনা খুব একটা নেই।
এতে অন্তত অস্ট্রেলিয়ার মাটিতে লিয়নের শেষ টেস্ট খেলা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার সুযোগও নাও পেতে পারেন এই অভিজ্ঞ অফস্পিনার।




