দা হান্ড্রেডে অভিষেক হচ্ছে না মোস্তাফিজের

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দা হান্ড্রেডে খেলার স্বপ্নটা আপাতত অধরাই থেকে গেল মোস্তাফিজুর রহমানের। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্মিংহাম ফিনিক্স। দলটি জানিয়েছে, চোটের কারণে মুস্তাফিজ এবারের আসরে খেলতে পারছেন না। তাঁর পরিবর্তে কে দলে যোগ দেবেন, সেটি পরে জানানো হবে।

গত ৬ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চোট পান মোস্তাফিজ। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, পুরোপুরি সুস্থ হতে তাঁর প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে। এরপর বার্মিংহাম ফিনিক্স আশা প্রকাশ করেছিল, নির্ধারিত সময়েই ইংল্যান্ডে গিয়ে দলের মেডিকেল স্টাফের তত্ত্বাবধানে ফিটনেস পরীক্ষা দেবেন এই পেসার।

তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। বিসিবি ও বার্মিংহাম ফিনিক্সের মেডিকেল বিভাগের আলোচনায় সিদ্ধান্ত হয়, দেশে থেকেই ফিটনেস পরীক্ষা দেবেন মোস্তাফিজ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছিলেন, আগামী সোমবার সেই পরীক্ষা হওয়ার কথা ছিল।

কিন্তু তার আগেই মোস্তাফিজকে ছাড়া এগোনোর সিদ্ধান্ত নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। ফলে দা হান্ড্রেডে বাংলাদেশের প্রথম প্রতিনিধিত্ব করার সুযোগও হাতছাড়া হলো তাঁর।

এদিকে, সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যদিও সেই সিরিজে মোস্তাফিজের খেলার সম্ভাবনা ছিল না। সাদা বলের ক্রিকেটেই নিয়মিত খেলা এই বাঁহাতি পেসার এখন চোট কাটিয়ে মাঠে ফেরার দিকেই মনোযোগ দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles